Breaking News

নেপালে যুব বিদ্রোহ দমনে সরকারি বর্বরতার তীব্র নিন্দা এসইউসিআই(সি)-র

এসইউসিআই(কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ নেপালের সাম্প্রতিক যুব বিদ্রোহ দমনে সরকারি বর্বরতার নিন্দা করে ৯ সেপ্টেম্বর এক প্রেস বিবৃতিতে বলেন, ২০০৮-এর মে মাসে নেপালে কুখ্যাত রাজতন্ত্র উৎখাতের পর গত ১৭ বছরে ১৩টি সরকার এসেছে। সমস্ত সরকার বিদেশি সাম্রাজ্যবাদীদের সঙ্গে হাত মিলিয়ে বুর্জোয়াদের সেবা করেছে, তারা কেউই জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে পারেনি। সমস্ত সংসদীয় বুর্জোয়া দলগুলি দুর্নীতির গভীরে আকণ্ঠ নিমজ্জিত। বেকারত্বের মারাত্মক সমস্যা তরুণদের তাড়া করছে। কিছু দিন ধরেই যুবসমাজ দুর্নীতিগ্রস্ত কে পি ওলি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছিল।

তরুণদের ক্ষোভ দেখে তার প্রচার আটকাতে প্রশাসন বেশ কিছু সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে দেয়, যা যুবকদের আরও ক্ষুব্ধ করেছে। বিক্ষোভকারীদের দমন করতে সরকার নৃশংস পুলিশি আক্রমণ নামিয়ে আনে। তাদের প্রাণঘাতী হামলায় ৩৪ জনেরও বেশি মানুষ নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হয়েছে।

আমরা যুবকদের ন্যায়সঙ্গত আন্দোলনের উপর নেপাল সরকারের জঘন্য হামলার তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে তরুণদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমরা নেপালের সংগ্রামরত যুবকদের বিপ্লবী শুভেচ্ছা জানাই এবং যাঁদের ছেলেমেয়েরা এই সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছে সেই শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানাই।