
কোচবিহার জেলায় সারের কালোবাজারি বিরুদ্ধে এ আই কে কে এম এস-এর নেতৃত্বে চাষিদের আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে। যে সারের এমআরপি ১৮৫০ টাকা, ব্যবসায়ীরা চাষিদের কাছে তা ২২৫০ টাকায় বিক্রি করছিল। ব্লক ও জেলা কৃষি আধিকারিকরা এ বিষয়ে নির্বিকার। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ জানানো হলেও প্রশাসন কোনও পদক্ষেপ না নেওয়ায় চাষিরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকার মুখে কৃষক দরদের কথা বললেও তারা কর্পোরেট সার কোম্পানির মালিক, সার স্টকিস্ট ও হোলসেলারদের স্বার্থে কাজ করছে। তা না হলে এই কালোবাজারি চক্রের দাপট এতখানি হত না। চাষিরা বুঝতে পারে আন্দোলন ছাড়া বাঁচার রাস্তা নেই।
তুফানগঞ্জ-১ ব্লকে গ্রামে গ্রামে চাষিরা গ্রাম কমিটি গড়ে তোলে বরং নাটাবাড়ি বাজারে সড়ক অবরোধ করে। আন্দোলনের চাপে বাড়তি টাকা ফেরত দিয়ে ব্যবসায়ীরা চাষিদের কাছে এমআরপি রেটে সার বিক্রি করতে বাধ্য হয়। এই আন্দোলনে নেতৃত্ব দেন এ আই কে কে এম এস-এর জেলা কমিটির সদস্য অশ্বিনী বর্মন, রমাকান্ত সরকার এবং অর্জুন বর্মন।