
ইরানে মার্কিন হামলার প্রতিবাদে ২৮ ফেব্রুয়ারি ঢাকায়় মশাল মিছিল করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ (মার্ক্সবাদী)। তোপখানা রোডে দলের কেন্দ্রীয় অফিস থেকে মিছিল শুরু হয়ে পুরানা পল্টন, নুর হোসেন চত্বর, বায়তুল মোকাররম মার্কেট, প্রেসক্লাব মোড় ঘুরে পল্টন মোড়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ সঞ্চালনা করেন বাসদ (মার্ক্সবাদী)-র কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড রাশেদ শাহরিয়ার, বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড সীমা দত্ত এবং সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা।
সমাবেশে কমরেড মাসুদ রানা বলেন, ইরানের উপর বিনা উস্কানিতে সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইজরায়েলের যৌথ সামরিক হামলা সমস্ত আন্তর্জাতিক সভ্য রীতিনীতি ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। কয়েক সপ্তাহ ধরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে হামলার হুমকি দিয়ে আসার পর এ হামলা সংঘটিত হল। আমরা মনে করি, ইরানের ভবিষ্যত নির্ধারণের অধিকার শুধুমাত্র ইরানের জনগণেরই, আমেরিকা ও ইজরায়েলের সাম্রাজ্যবাদী শাসকগোষ্ঠীর বিন্দুমাত্র সে অধিকার নেই। এ হামলা ইরানের স্বাধীনতা-সার্বভৌমত্বের উপর নির্লজ্জ ও নগ্ন হস্তক্ষেপ ছাড়া কিছু নয়। সাম্রাজ্যবাদী আমেরিকা সারা বিশ্বে আজ নতুন করে যুদ্ধোন্মাদনা তৈরি করছে। ভেনেজুয়েলার উপর নগ্ন হামলা ও কিউবার উপর আগ্রাসনের ক্রমাগত হুমকির ধারাবাহিকতায় ইরানের উপর এ হামলা করা হল, যার মাধ্যমে মধ্যপ্রাচ্য সহ বিশ্বকে নতুন করে ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
আমরা বাংলাদেশ সহ সারা বিশ্বের শান্তিকামী, যুদ্ধবিরোধী জনগণকে ইরানের উপর সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইজরায়েলের সামরিক আগ্রাসন বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান, সরকারের পক্ষ থেকে অবিলম্বে ইরানে মার্কিন ও ইজরায়েলের যৌথ সামরিক আক্রমণের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিবৃতি দিতে হবে।