Breaking News

ওড়িশায় কলেজ-বিশ্ববিদ্যালয়ে মিটিং-মিছিলে নিষেধাজ্ঞা, প্রতিবাদ এআইডিএসও-র

কনভেনশনে মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ

বিজেপি শাসিত ওড়িশার উচ্চশিক্ষা দপ্তর সম্প্রতি এক নির্দেশিকায় আদর্শ আচরণবিধির নামে কলেজ-বিশ্ববিদ্যালয়ে মিটিং-মিছিল-জমায়েত-ধর্মঘট করতে গেলে কর্তৃপক্ষের অনুমোদন বাধ্যতামূলক করেছে।

উল্লেখ্য, ১৯০৫ সালে তৎকালীন বাংলার সরকারের মুখ্যসচিব কার্লাইল বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন এবং রাজনীতি থেকে ছাত্রদের দূরে রাখতে এ ধরনের একটি সার্কুলার জারি করেছিল। স্বাধীনতার ৭৯ বছর পরে শাসক বিজেপি সেই সার্কুলারই ফিরিয়ে আনতে চাইছে। যদিও সংবিধানের ১৯তম ধারা অনুযায়ী বক্তব্য রাখা, মতপ্রকাশ, শান্তিপূর্ণ জমায়েতের এবং অ্যাসোসিয়েশন ও ইউনিয়ন গড়ে তোলা নাগরিকদের মৌলিক অধিকার। চূড়ান্ত অগণতান্ত্রিক এবং ছাত্রস্বার্থবিরোধী এই আদর্শ আচরণবিধি সম্পূর্ণ প্রত্যাহার ও ক্যাম্পাসে গণতান্ত্রিক সুস্থ পরিবেশ বজায় রাখা এবং ছাত্র ইউনিয়ন নির্বাচনের ঘোষণার দাবি জানিয়ে এআইডিএসও ৫ মে ভুবনেশ্বরে ছাত্র কনভেনশনের আয়োজন করে। সভাপতিত্ব করেন সংগঠনের রাজ্য সভাপতি সোমনাথ বেহেরা এবং সহ-সভাপতি ভাগ্যরবি দাস, নিরুপমা বেহেরা এবং সুনীল ভোই। সম্পাদকমণ্ডলীর সদস্য তরুণাসেন নায়েক প্রস্তাব পাঠ করেন।

প্রখ্যাত শিক্ষাবিদ ও উৎকল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডঃ বীরেন্দ্র নায়ক, অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ওড়িশা রাজ্য সম্পাদক সুভাষ নায়ক কনভেনশনে বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। এআইডিএসও-র রাজ্য সম্পাদক সিদ্ধার্থ রথ এই সার্কুলার বাতিলের দাবিতে ছাত্র আন্দোলনকে আরও শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানান। এ দিন ভুবনেশ্বরে রাজ্য সচিবালয়ের সামনে বিক্ষোভ দেখানো হয় এবং মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়।