Breaking News

তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে মানুষের জমা ক্ষোভ এবং কেন্দ্রীয় সরকারের সার্বিক মদতে কারচুপি পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনল

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ৪ মে এস ইউ সি আই (সি)-র পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এক বিবৃতিতে বলেন,

প্রথমেই ফলাফল পরবর্তী আক্রমণ-ভাঙচুরের তীব্র নিন্দা করছি। এ কথা সত্য, সংখ্যাগরিষ্ঠ আসনে বিজেপির এই জয় এই জন্য নয় যে, পশ্চিমবঙ্গের জনগণ এই দলের রাজনীতি, হিন্দুত্ববাদী সাম্প্রদায়িকতা ও কার্যকলাপকে সমর্থন করেছেন। কেন্দ্রে ও বিভিন্ন রাজ্যে ক্ষমতাসীন হয়ে কী ভাবে এই দল নানা জনবিরোধী ও ব্যাপক দুর্নীতিগ্রস্ত কার্যকলাপ চালাচ্ছে, গণআন্দোলন নির্মম ভাবে দমন করছে, প্রশাসনকে দলের পক্ষে নগ্ন ভাবে নির্বাচনে কাজে লাগাচ্ছে, তা পশ্চিমবঙ্গের জনগণের কাছে অজানা নয়।

তা সত্ত্বেও, তৃণমূল সরকারের ১৫ বছরের অপশাসন, সিন্ডিকেট রাজ, শিক্ষা-স্বাস্থ্য সহ সর্বস্তরে ব্যাপক দুর্নীতিতে ক্ষিপ্ত হয়ে জনগণ এই সরকারের পরিবর্তন চেয়েছেন এবং সংগ্রামী বামপন্থার ভিত্তিতে গড়ে ওঠা কোনও বিকল্প শক্তি না থাকার সুযোগ নিয়ে কেন্দ্রের সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে, নির্বাচন কমিশন সহ নানা সংস্থাকে ব্যবহার করে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার হরণ করে বিজেপি রাজ্যের শাসন ক্ষমতায় আসীন হয়েছে।

আমরা দৃঢ়ভাবে মনে করি, সরকারের পরিবর্তন হলেও জনজীবনের কোনও সংকটের পরিবর্তন হবে না, বরং ক্রমাগত তা বাড়তেই থাকবে। কারণ যে দলই ক্ষমতায় আসে তারাই পুঁজিবাদের স্বার্থে শোষণ, লুণ্ঠন, অত্যাচার চালিয়ে যায়। বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ সব ক্ষমতাসীন দলেরই একই চরিত্র।

ফলে, আগামী দিনে পুঁজিবাদী শোষণ উচ্ছেদের বিপ্লবী লক্ষ্যে উন্নত নৈতিকতার আধারে জনজীবনের বিভিন্ন দাবিতে শক্তিশালী ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তুলতে হবে। জনসাধারণের কাছে আমরা সেই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ফলাফল পরবর্তী যে কোনও ধরনের হিংসাত্মক ঘটনা প্রতিহত করার জন্য নির্বাচন কমিশন সহ সর্বস্তরের প্রশাসনকে কার্যকরী ভূমিকা গ্রহণ করার দাবি জানাচ্ছি।