Breaking News

গ্যাসের নজিরবিহীন মূল্যবৃদ্ধি প্রতিবাদে রাস্তায় এস ইউ সি আই (সি)

গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ। কৃষ্ণনগর, নদিয়া

বাণিজ্যিক এলপিজি গ্যাসের নজিরবিহীন মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে এসইউসিআই(কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১ মে এক বিবৃতিতে বলেন, চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচন পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় সরকার বাণিজ্যিক গ্যাসের দাম আবারও বাড়াল। ২০৭৮.৫০ টাকা থেকে বাড়িয়ে করা হল ৩০৭১.৫০ টাকা।

অর্থাৎ এক ধাক্কায় দাম বাড়ানো হল ৯৯৩ টাকা। এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে হোটেল, রেস্তোরাঁ, খাবারের ছোট দোকান সহ নানা ক্ষেত্রের ক্ষুদ্র শিল্প। জীবিকা সহ নানা প্রয়োজনে যে অসংখ্য সাধারণ মানুষ বাইরে খেতে বাধ্য হন, তাঁদের এবং ফুড ডেলিভারির খরচ বিপুল হারে বাড়বে। আমাদের আশঙ্কা খুব শিগগিরই পেCল-ডিজেলের দাম আবারও বাড়ানো হবে এবং তার বোঝা বইতে হবে সাধারণ মানুষকেই। প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রের দাম লাফিয়ে বাড়বে কয়েকগুণ। এমনিতেই বিপর্যস্ত জনসাধারণের জীবনযাপনকে এই মূল্যবৃদ্ধি আরও অসহনীয় করে তুলবে। উল্লেখ্য যে, কেন্দ্রের বিজেপি সরকার ইতিমধ্যেই নির্লজ্জ ভাবে সাম্রাজ্যবাদী আমেরিকার কাছে বশ্যতা স্বীকার করে তাদের নির্দেশ অনুযায়ী রাশিয়া ও ইরানের সস্তা তেল আমদানি বন্ধ করে দিয়েছে। ফলস্বরূপ ভারতকে বেশি দামে আমেরিকার তেল কিনতে হচ্ছে। আমরা বাণিজ্যিক এলপিজি গ্যাসের এই অত্যধিক মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ করছি। ভুক্তভোগী জনসাধারণের কাছে আহ্বান জানাচ্ছি, পুঁজিবাদী সংকটের বোঝা সাধারণ মানুষের উপর চাপানোর এই নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও শক্তিশালী এমন আন্দোলন গড়ে তুলুন যাতে সরকার এই নীতি প্রত্যাহার করতে বাধ্য হয়।