Breaking News

যথার্থ বিকল্প মানুষের আন্দোলন

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে এসইউসিআই (কমিউনিস্ট) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ২৯ এপ্রিল এক বিবৃতিতে বলেন– ‘‘নির্বাচন কমিশনের এত আশ্বাসের পরেও এ বারের বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ ও হিংসামুক্ত হল না। বহু জায়গায় হিংসার ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যপ্রণোদিত শক্তি প্রদর্শন পরিবেশকে সন্ত্রস্ত করেছে। পুরুষ জওয়ানরা মহিলাদের উপর হামলা করেছে, রোগী ও শিশুকেও রেয়াত করেনি। এমনকি কেন্দ্রীয় বাহিনীর আঘাতে একজনের মৃত্যুরও ঘটনা ঘটেছে। পরিযায়ী শ্রমিকদের প্রভাবিত করার চেষ্টা করেছে। ভোটকেন্দ্রে হিংসার ঘটনা ঘটেছে, বুথ ক্যাম্প ভেঙে দেওয়া, করতে না দেওয়া, পোলিং এজেন্ট বসতে না দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।

বিজেপিকে সহায়তা করতে নির্বাচন কমিশনের হঠকারী সিদ্ধান্তের ফলে বেশ কয়েকজন বিএলও সহ দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে– এই মর্মান্তিক প্রশাসনিক হিংসাকে আমরা ভুলে যেতে পারি না।

শুধু তাই নয়, অগণিত নাগরিককে চূড়ান্ত হয়রানি, সম্পূর্ণ অসাংবিধানিক ভাবে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার হরণ, বিচার ব্যবস্থাকে কৌশলে নিজেদের স্বার্থে ব্যবহার, এমনকি ট্রাইবুনালের নামে ৩৫ লক্ষাধিক মানুষের ভোটাধিকারের নিষ্পত্তি না করা, এ দেশে টিকে থাকা গণতন্ত্রের হত্যা ছাড়া আর কিছু নয়।

পশ্চিমবঙ্গে শিক্ষা, স্বাস্থ্য সহ সর্বক্ষেত্রে তৃণমূলের সীমাহীন দুর্নীতি, সিন্ডিকেট রাজ, নারী নিরাপত্তা দিতে ব্যর্থতা ও অপশাসনের বিরুদ্ধে মানুষের তীব্র বিক্ষোভ একটি জ্বলন্ত বাস্তব। তেমনি এই সুযোগ নিয়ে চূড়ান্ত সাম্প্রদায়িক, জাতিবাদী, নারীবিদ্বেষী, আকণ্ঠ দুর্নীতির পাঁকে নিমজ্জিত, ভারতের নবজাগরণ ও স্বাধীনতা আন্দোলনের বিরোধী বিজেপি যে নোংরামি করেছে মানুষ তাকেও গ্রহণ করতে পারেন না।

সুস্থ রাজনীতির পরিবর্তে অশ্লীল কুকথার চর্চা, সস্তা জনপ্রিয়তার জন্য সরকারি দলের প্রার্থীদের হাস্যকর আচরণ পশ্চিমবঙ্গে রাজনীতির মর্যাদাকে ভূলুণ্ঠিত করেছে। যথার্থ বিকল্প হল মানুষের সম্মিলিত প্রতিবাদ, ঐক্যবদ্ধ আন্দোলন, আদর্শবাদী রাজনীতি ও সংগ্রামী বামপন্থা, যা বাংলার ঐতিহ্য।

নির্বাচনের ফলাফল যাই হোক, বামপন্থী রাজনীতির ভিত্তিতে সঠিক রাস্তায় ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া কৃষক, শ্রমিক সাধারণ মানুষের জীবন-জীবিকার ভয়াবহ অবস্থার কোনও পরিবর্তন সম্ভব নয়। আগামী দিনে সেই পথেই সকলকে এগিয়ে আসতে আহ্বান জানাই।”