Breaking News

সেনেট চালুর দাবিতে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

পাঞ্জাব বিশ্ববিদ্যালয় চণ্ডীগড়ে সেনেট পুনর্বহালের দাবিতে নভেম্বরের শুরু থেকে আন্দোলন চলছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষাকর্মী এবং অন্যান্য শরিকদের নিয়ে গঠিত ‘পাঞ্জাব বিশ্ববিদ্যালয় বাঁচাও মোর্চা’ এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কৃষক সহ নানা সামাজিক সংগঠনের সমর্থন পেয়েছে এই আন্দোলন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেনেট নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নিয়ে টালবাহানা চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদে ২৬ নভেম্বর মোর্চার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়।

সাধারণ ছাত্রছাত্রীদের সমর্থনে ধর্মঘট সর্বাত্মক হতে যাচ্ছে দেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন সুচতুর ভাবে সমস্ত পরীক্ষা, ক্লাস স্থগিত করে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করে। শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চলাকালীন বিশ্ববিদ্যালয়ে কোনও ধরনের অবাঞ্ছিত ঘটনা না ঘটলেও প্রশাসন অভূতপূর্ব ভাবে ক্যাম্পাসের ভেতরে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত চণ্ডীগড় পুলিশের ঢোকার অধিকার দেয়। পুলিশ জলকামান, সাঁজোয়া গাড়ি সহ আন্দোলন দমনে ব্যবহৃত সকল অস্ত্র নিয়ে ক্যাম্পাসের অভ্যন্তর ঘিরে ফেলে। ইতিমধ্যেই বিক্ষোভস্থলে ছাত্র সংগঠনগুলি, কৃষক সংগঠন জমায়েত করে বিক্ষোভ দেখাচ্ছে।

বিক্ষোভে এআইডিএসও-র পক্ষ থেকে সংগঠনের কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সম্পাদক কমরেড শ্রেয়া বক্তব্য রাখেন এবং আন্দোলনকে দেশজুড়ে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।