
প্রাথমিক থেকে উচ্চশিক্ষা সর্বত্র হাজার হাজার স্থায়ী শিক্ষক নিয়োগ না হওয়ায় এবং উপযুক্ত পরিকাঠামো ও ল্যাবরেটরি পরিষেবার অভাবে তামিলনাড়ূতে সরকারি শিক্ষাব্যবস্থা প্রবল সংকটগ্রস্ত। এ বছর ২০৭টি সরকারি স্কুল বন্ধ হয়েছে। এমনকি মাদ্রাজ ও মাদুরাই কামরাজ বিশ্ববিদ্যালয়ে কর্মরতরা বেতন ও পেনশন পাচ্ছেন না, যা নয়া জাতীয় শিক্ষানীতি চালুর পর সরকারি শিক্ষাব্যবস্থার দুরবস্থারই পরিচয় দিচ্ছে।
এই পরিস্থিতিতে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির তামিলনাড়ু চ্যাপ্টার ২৭ ডিসেম্বর চেন্নাইয়ে সরকারি শিক্ষাব্যবস্থা রক্ষার স্বার্থে এবং জনস্বার্থবিরোধী জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে কনভেনশনের আয়োজন করে। সভাপতিত্ব করেন সংগঠনের রাজ্য সম্পাদক অধ্যাপক কে যোগারাজন। ইউজিসি ইন্ডিয়ান নলেজ সিস্টেম চালুর মাধ্যমে কী ভাবে শিক্ষার ধর্মনিরপেক্ষ চরিত্র বদলে তা সাম্প্রদায়িক করেছে, সে বিষয়ে বক্তব্য রাখেন প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক এ করুণানন্দন। জেএসএস বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ এল জওহর নেসান বলেন, ‘হেকি’-র মাধ্যমে শিক্ষাব্যবস্থার কেন্দ্রীকরণ উচ্চশিক্ষার স্বাধিকারের পরিপন্থী। এতে প্রতিষ্ঠানগুলির অনন্যতা ধ্বংস হয়। অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণকান্তি নস্কর দেশ জুড়ে শিক্ষাবিদ থেকে শুরু করে প্রতিটি অংশের মানুষের মধ্যে ‘পিপলস এডুকেশন পলিসি’ যে ব্যাপক সাড়া ফেলেছে, তা ব্যক্ত করেন। তিনি ২৪ জানুয়ারি ব্যাঙ্গালোরে ‘পিপলস পার্লামেন্ট’ সফল করতে উদ্যোগ নেওয়ার জন্য আবেদন জানান। বক্তব্য রাখেন অধ্যাপক কে কাথিরাভন, অধ্যাপক পি রাজাসিমহন, অধ্যাপক ডি বাসকরন, অধ্যাপক স্যামুয়েল আসির রাজা প্রমুখ। অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির রাজ্য সভাপতি অধ্যাপক এস এইচ থিলাগর শিক্ষার বেসরকারিকরণ, ব্যবসায়িকীকরণ, সাম্প্রদায়িকীকরণ এবং কেন্দ্রীকরণের বিরুদ্ধে সংঘবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।