Breaking News

রামমোহন সম্পর্কে কটূক্তিতেই বিজেপির মনোভাব স্পষ্ট

মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রীর রামমোহন সম্পর্কে কটূক্তির তীব্র প্রতিবাদ জানিয়ে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ১৭ নভেম্বর এক বিবৃতিতে বলেন, আমরা অবাক বিস্ময়ে লক্ষ করছি, প্রকৃতপক্ষে যারা সাম্রাজ্যবাদী ব্রিটিশের সেবা করে নিজেদের ধন্য মনে করেছে এবং স্বাধীনতা আন্দোলনের লাগাতার বিরোধিতা করেছে, যারা ফ্যাসিস্ট হিটলারের আদর্শকে নিজেদের আদর্শ বলে গণ্য করে, তাদেরই মন্ত্রশিষ্য মধ্যপ্রদেশের বিজেপি সরকারের উচ্চশিক্ষা মন্ত্রী অত্যন্ত কদর্য ভাষায় রাজা রামমোহন রায়কে আক্রমণ করে দেশপ্রেমিক ও আদিবাসী প্রেমিক সাজতে চেয়েছে। এরা যে মিথ্যাচারের ক্ষেত্রে কতটা নির্লজ্জ এবং অভ্যস্ত, তা বোঝা গিয়েছে পরক্ষণেই দেশব্যাপী তীব্র সমালোচনার মুখে নিজের অজ্ঞতা স্বীকার করা ও ক্ষমা চাওয়ার ভান করে ডিগবাজি খাওয়ার মধ্যে।

এ দেশের নবজাগরণের মনীষীদের অবদান অস্বীকার করে কুসংস্কারপন্থী সামন্ততান্ত্রিক মনোভাবকেই যে আরএসএস-বিজেপি গর্ব বলে প্রচার করেছে তা এ দেশের নবজাগরণের মনীষীদের চিন্তার বিরোধী। তাই অত্যন্ত স্বাভাবিকভাবেই যাঁদের জ্ঞানচর্চা, বিজ্ঞান সাধনা, সাহিত্য-সংস্কৃতি ও সমাজ সংস্কারের মধ্য দিয়ে আধুনিক ভারত গড়ে উঠেছে তাদের অবদানকে অস্বীকার করা এবং তাঁদের চরিত্রকে কালিমালিপ্ত করাটা কেন্দ্রীয় সরকার ও তার পরিচালক বিজেপি আরএসএস নেতাদের অবশ্যকরণীয় কাজ হয়ে দাঁড়িয়েছে।

এরই বিষময় পরিণতি আমরা প্রত্যক্ষ করলাম রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর সহ অন্যান্য মনীষী এবং সর্বশেষে রাজা রামমোহন রায়কে আক্রমণ করার মধ্যে। আমরা সকল স্তরের মানুষের কাছে আবেদন করছি, এ দেশের নবজাগরণের ইতিহাস বিকৃতকারী বিজেপি-আরএসএস-এর জঘন্য মনোভাবের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদে এগিয়ে আসুন।