Breaking News

রাজপুর-সোনারপুর পৌরসভায় দাবিপত্র পেশ

দক্ষিণ ২৪ পরগণায় রাজপুর-সোনারপুর পৌর এলাকা নানা সমস্যায় জর্জরিত। বিশেষ করে রাস্তার বেহাল দশা এবং জলনিকাশির সমস্যা নিয়ে এস ইউ সি আই (সি)-র উদ্যোগে বেশ কয়েকবার পৌরসভায় বিক্ষোভ দেখিয়েছেন বাসিন্দারা। সাময়িক কিছু কাজ হলেও বর্তমানে এলাকার বেশিরভাগ রাস্তা ভাঙা, বড় বড় গর্ত তৈরি হয়েছে, যার ফলে এলাকাবাসীর দুর্ভোগ চরমে উঠেছে। জমা জলের কারণে মশার উপদ্রবের পাশাপাশি ডেঙ্গু, ম্যালেরিয়ায় ভুগছেন মানুষ, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটছে।

এই সমস্যাগুলির দ্রুত এবং স্থায়ী সমাধান, আর্সেনিকমুক্ত পরিস্রুত পানীয় জল বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া, এলাকায় মদ, জুয়া, সাট্টার প্রসার বন্ধ করে সমাজ বিরোধী দৌরাত্ম্য কমানো, পাড়ায় পাড়ায় শিশু উদ্যান এবং গুরুত্বপূর্ণ স্থানগুলিতে সুলভ শৌচালয়, স্বল্প ব্যয়ে কমিউনিটি হল তৈরি ইত্যাদি দাবিতে ৭ নভেম্বর রাজপুর-সোনারপুর পৌরসভার চেয়ারম্যানের কাছে এসইউসিআই(সি)-র পক্ষ থেকে দাবিপত্র দেওয়া হয়। এই পৌরসভার অন্তর্গত দলের গড়িয়া, সোনারপুর ও হরিনাভি আঞ্চলিক কমিটির উদ্যোগে হরিনাভি মোড়ে জমায়েত হয়ে মিছিল করে পৌরসভায় ডেপুটেশন জমা দিতে যাওয়া হয়। ৪ সদস্যের প্রতিনিধিদলের সাথে পৌরপ্রধান আলোচনা করেন এবং সমস্ত দাবির যৌক্তিকতা মেনে নিয়ে জানান– রাস্তা মেরামত, পরিস্রুত পানীয় জল ও জলনিকাশি সমাধানে কিছু কাজ শুরু হয়েছে, আগামী জানুয়ারি মাস নাগাদ কাজ শেষ হবে। বাকি বিষয়গুলি নিয়েও তাঁরা উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন।