যাত্রী সুরক্ষা উপেক্ষিত, নজর ভাড়াবৃদ্ধিতেই প্রতিবাদ এসইউসিআই(সি)-র

এসইউসিআই(সি)-র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১ জুলাই এক বিবৃতিতে বলেন,

সংসদকে এড়িয়ে প্রশাসনিক নির্দেশ জারি করে আজ থেকে চূড়ান্ত অন্যায় ভাবে যে রেলভাড়া বৃদ্ধি করা হল, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভাড়া বৃদ্ধি করা হল, অথচ চরম অবহেলিত অবস্থায় পড়ে রইল সুরক্ষা ব্যবস্থা, যাত্রীদের সুযোগসুবিধা, সময়মতো ট্রেন চলাচল, রেলের কামরাগুলির দুর্দশা, স্রেফ নাম পাল্টে প্যাসেঞ্জার ট্রেনগুলিকে এক্সপ্রেস ট্রেন করে দিয়ে টিকিটের দাম বাড়ানো, সাধারণ কামরার সংখ্যা ক্রমাগত কমানো, শৌচাগারগুলিকে ঠিকমতো পরিষ্কার করা, রেলযাত্রার সময়ে পর্যাপ্ত জল সরবরাহ করার মতো অত্যন্ত প্রয়োজনীয় বিষয়গুলি। রেললাইনগুলির নিয়মিত রক্ষণাবেক্ষণ, সুরক্ষা-পরীক্ষা, খাবার সরবরাহের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়া এবং ব্যাপক দুর্নীতি ও ক্রমাগত কর্মী ছাঁটাইয়ের কারণে রেল-দুর্ঘটনায় যাত্রীমৃত্যু নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ট্রেনযাত্রীদের জন্য প্রাথমিক পরিষেবা ও নিরাপত্তার ব্যবস্থা না করে প্রকাশ্যে বা গোপন কৌশলে নিয়মিত ভাড়া বৃদ্ধির ঘটনাটি থেকে, বিজেপি শাসনে জনগণ কী পেল তা স্পষ্ট হয়ে যায়। রেলব্যবস্থা বেসরকারিকরণের কাজ যে ভাবে পুরোদমে চলছে, তাতে স্পষ্ট যে, আগামী দিনে ভাড়া বৃদ্ধির আরও বোঝা জনগণকে বইতে হবে।

এই বহুবিধ আক্রমণ রুখতে আমরা যাত্রীসাধারণ সহ সর্বস্তরের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ শক্তিশালী প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।