
এসইউসিআই(কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১১ সেপ্টেম্বর একটি বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী মোদির শাসনক্ষমতার পঁচিশ বর্ষপূর্তি উদযাপনের জন্য শাসক বিজেপি সরকার দেশ জুড়ে ‘সেবা সঙ্কল্প অভিযান’ নাম দিয়ে একমাসব্যাপী জনসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচিতে ভারতের ভঙ্গুর অর্থনীতিকে দ্রুত উন্নয়নশীল অর্থনীতিতে নিয়ে যাওয়া, বিশ্বমঞ্চে ভারতের সম্মান ও ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে নরেন্দ্র মোদির ভূমিকা শ্রদ্ধার সাথে স্মরণ করার কথা বলা হচ্ছে। বিজেপির এই প্রচারাভিযান, জনমানসে প্রধানমন্ত্রীর ক্রমাগত ধসে পড়া ভাবমূর্তি পুনরুদ্ধারের বৃথা চেষ্টা ছাড়া আর কিছুই নয়।
বাস্তবে, প্রধানমন্ত্রী মুষ্টিমেয় কয়েকজন একচেটিয়া পুঁজিপতিকে বিশ্বস্তভাবে সেবা করেছেন, যার পরিণামে সারা দেশ ভয়াবহ সংকটে নিমজ্জিত হয়েছে। দেশের সাধারণ মানুষের জীবনের সমস্ত ক্ষেত্র সেই সংকটে বিপন্ন। উগ্র জাতীয়তাবাদের ধুয়ো তুলে এবং চতুর সাম্প্রদায়িক হিন্দুত্বের গুণগান করে এই কঠিন বাস্তবকে মুছে ফেলা যাবে না।
তিনি বলেন, দেশের জনগণের টাকায় জাঁকজমক করে, প্রধানমন্ত্রী মোদির তথাকথিত ‘অবদান’ উদযাপনের এই উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।