
মিড-ডে মিল কর্মীদের প্রতি রাজ্য ও কেন্দ্র সরকারের সীমাহীন বঞ্চনার প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি মালদায় হরিশ্চন্দ্রপুর বাসস্ট্যান্ড থেকে কর্মীরা বিক্ষোভ মিছিল করে শহিদ মোড় অবরোধ করেন।
কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বাজেটের প্রতিলিপি পোড়ানো হয়। শতাধিক মিড-ডে মিল কর্মীর মিছিলে নেতৃত্ব দেন সারা বাংলা মিড-ডে মিল কর্মী ইউনিয়নের জেলা সম্পাদিকা সাথী চৌধুরী, হরিশ্চন্দ্রপুর থানা সম্পাদিকা মাজেদা বিবি এবং আসগুরি খাতুন প্রমুখ। তাঁদের ক্ষোভের কারণ, তাঁরা পরিশ্রম করেও তার মজুরি পান না। এঁদের ১২ মাসের বেতন না দিয়ে ১০ মাসের বেতন দেওয়া হয়। এঁদের জীবনের সুরক্ষাও নেই। অবসরকালীন ভাতাও দেওয়া হয় না। কর্ণাটকে ৪০০০ টাকা, হরিয়ানাতে ৭০০০ টাকা, পণ্ডিচেরিতে ১২০০০ টাকা বেতন মিড ডে মিল কম¹দের দেওয়া হয়। আর পশ্চিমবঙ্গে দেওয়া হয় মাত্র ২ হাজার টাকা। আবার এই ২০০০ টাকা অনেকের সাথে ভাগ করে নিতে হয়। বছরের পর বছর সরকারি প্রকল্পের অধীনে কাজ করলেও তাদের সরকারি কর্মী স্বীকৃতি নেই।
১২ মাসের পারিশ্রমিক, ন্যূনতম ১৫ হাজার টাকা মাসিক বেতন, অবসরকালীন ৫ লক্ষ টাকা অনুদান, উৎসবকালীন ভাতা বরাদ্দের দাবি জানান তাঁরা।