Breaking News

ভোটবাজ দলগুলির ধর্মোন্মাদনা তৈরির অপচেষ্টার তীব্র নিন্দা

মন্দির-মসজিদ-গীতাপাঠের রাজনীতির তীব্র সমালোচনা করে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ৭ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন,

আজ বিজেপির মদতে ব্রিগেডে ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ হল। গতকাল মুর্শিদাবাদে বারবার দল পাল্টানো এক বিধায়ক ‘বাবরি মসজিদ’-এর শিলান্যাস করলেন। এ সবের সুযোগ নিতে কিছু রাজনৈতিক শক্তিকে উদগ্রীব হতে দেখা যাচ্ছে। এক বিজেপি নেতার উদ্যোগে ওই জেলাতেই ‘মসজিদ’-এর পাল্টা হিসাবে ‘রাম মন্দির’-এর শিলান্যাস হল। বিরোধী দলনেতা ঐতিহাসিক সৌধ ধ্বংসের দিন ‘শৌর্য দিবস’ পালনের নামে মিছিল করলেন।

 কিছুদিন আগে তৃণমূল দিঘাতে সরকারি টাকায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছিল। এর মধ্যে ধর্মীয় বা কোনও রকম মূল্যবোধের চিহ্নমাত্র নেই। আগামী নির্বাচনে সংকীর্ণ দলীয় স্বার্থরক্ষার রাজনীতি এমনই নিকৃষ্ট স্তরে নেমেছে, যা এ রাজ্যের ধর্মনিরপেক্ষতার সংস্কৃতি ও সংগ্রামী রাজনৈতিক ঐতিহ্যের সম্পূর্ণ বিরোধী।

সাধারণ মানুষের জীবন যখন কেন্দ্র ও রাজ্য সরকারের জনস্বার্থবিরোধী নীতির ফলে জেরবার, তখন ভোটসর্বস্ব দলগুলি মন্দির-মসজিদ প্রভৃতি নিয়ে উন্মাদনা সৃষ্টির মাধ্যমে বিভাজনের রাজনীতি করে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টায় লিপ্ত। আমরা এই ঘৃণ্য রাজনীতির তীব্র নিন্দা করছি এবং জনসাধারণকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।