Breaking News

ভেনেজুয়েলাতে মার্কিন সাম্রাজ্যবাদের বেপরোয়া আগ্রাসন তীব্র নিন্দা এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর

কলকাতা, ৩ জানুয়ারি

ভেনেজুয়েলার ওপর যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদের চূড়ান্ত কাপুরুষোচিত সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানানোর জন্য কোনও ভাষাই যথেষ্ট নয়। ৩ জানুয়ারি এক বিবৃতিতে এ কথা বলেন এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ। তিনি বলেন, শুধু ভেনেজুয়েলা নয়, গোটা ল্যাটিন আমেরিকার সমস্ত দেশকে বন্দুকের মুখে রেখে আমেরিকার পদানত করার মতলবেই এই আক্রমণ। সমস্ত সাম্রাজ্যবাদ বিরোধী, যুদ্ধবিরোধী, শান্তিকামী মানুষের কাছে এই পরিস্থিতি দাবি জানাচ্ছে– চরম অপরাধমূলক এই আক্রমণের বিরুদ্ধে এই মুহূর্তে প্রতিবাদে শামিল হতে, ভেনেজুয়েলার আক্রান্ত জনগণের পাশে দাঁড়াতে এবং ল্যাটিন আমেরিকা থেকে সাম্রাজ্যবাদী হাঙরদের হাত ওঠাতে বাধ্য করতে রাস্তায় নামুন।

৫ জানুয়ারি অপর এক বিবৃতিতে কমরেড প্রভাস ঘোষ বলেন, গণবিধ্বংসী অস্ত্র রাখার মিথ্যা অভিযোগে যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদ যে ভাবে ইরাক আক্রমণ করে প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনকে হত্যা করেছিল, সমস্ত আন্তর্জাতিক আইন, নিয়ম ও রীতিনীতি নির্লজ্জ ভাবে উপেক্ষা করে ড্রাগ পাচারের সম্পূর্ণ মিথ্যা অভিযোগে ভেনেজুয়েলায় বোমাবর্ষণ ও সস্ত্রীক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনায় তারই পুনরাবৃত্তি ঘটল। বাস্তবে ভেনেজুয়েলার বিপুল তৈলসম্পদ দখল করার উদ্দেশ্যে মার্কিন সাম্রাজ্যবাদ দীর্ঘদিন ধরেই গোপনে প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতাচ্যুত করে সে দেশে পুতুল সরকার বসানোর মতলব আঁটছিল। মার্কিন সাম্রাজ্যবাদের এই অপরাধমূলক কার্যকলাপের আমরা তীব্র নিন্দা করছি।

অত্যন্ত উদ্বেগের সঙ্গে আমরা এ-ও লক্ষ করছি যে, গোটা বিশ্বের সাম্রাজ্যবাদবিরোধী যুদ্ধবিরোধী শান্তিপ্রিয় মানুষ যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নেতৃত্বাধীন মার্কিন সরকারের চরম নৃশংস এই আক্রমণের বিরুদ্ধে দ্ব্যর্থহীন ভাবে নিন্দা ধ্বনিত করছে, তখন ভারতীয় একচেটিয়া পুঁজিপতিদের স্বার্থে তাদের সেবাদাস বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার পেন্টাগনের শাসকদের রোষে পড়ার আশঙ্কায় এ দেশের সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাসকে চরম অসম্মান করে মার্কিন সাম্রাজ্যবাদের এই অপরাধমূলক কাজের নিন্দা করা থেকে বিরত থাকল। মার্কিন নৌবহর ও বিমানবাহিনীর ভেনেজুয়েলা আক্রমণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দলের পক্ষ থেকে গত ৩ ও ৪ জানুয়ারি দেশের রাজধানী শহরগুলিতে বিক্ষোভ দেখানো হয়। ৬ জানুয়ারি থেকে দেশের সর্বত্র দলের আহ্বানে প্রতিবাদ-সপ্তাহ পালন করা হয়। আমরা দলের পক্ষ থেকে মার্কিন সাম্রাজ্যবাদী শাসকদের গুন্ডামি ও দস্যুবৃত্তির বিরুদ্ধে দেশের যুদ্ধবিরোধী, শান্তিপ্রিয় জনসাধারণকে প্রতিবাদে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

দিল্লি, ৪ জানুয়ারি