
গত ১৫ বছরে নিত্যব্যবহার্য জিনিসের দাম লাফিয়ে বেড়েছে। অথচ শারীরিক ভাবে প্রতিবন্ধী মানুষদের বেঁচে থাকার জন্য সরকারি ভাতা গত ১৫ বছরে এক পয়সাও বাড়ানো হল না! প্রতিবন্ধীরা শারীরিক নানা সমস্যা নিয়ে কলকাতার রাজপথে মিছিল করলেও বধির সরকারের কানে তার আওয়াজ পৌঁছয় না। ৫ মার্চ পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চের আহ্বানে কলকাতার রাসবিহারী মোড়ে ৩০০-রও বেশি প্রতিবন্ধী মানুষ জড়ো হন।
অভিযোগ, অন্তর্বর্তীকালীন বাজেটে বিভিন্ন ক্ষেত্রে ভাতার পরিমাণ বৃদ্ধি পেলেও প্রতিবন্ধীদের ‘মানবিক ভাতা’ গত ১৫ বছর ধরে মাত্র ১০০০ টাকাই রাখা হয়েছে। এই বঞ্চনার প্রতিবাদে তাঁরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেন। আগে জানানো সত্ত্বেও মুখ্যমন্ত্রী বা ক্যাবিনেটের কোনও মন্ত্রী আন্দোলনকারীদের সঙ্গে দেখা করার বা তাঁদের কথা শোনার সৌজন্যটুকুও দেখাননি। প্রশাসনের এই চরম উদাসীনতায় ক্ষুব্ধ আন্দোলনকারীরা রাসবিহারী মোড় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়, ৮ মার্চ মুখ্যমন্ত্রীর বাসভবনে কোনও উচ্চপদস্থ আধিকারিক আন্দোলনকারীদের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসবেন। সংগঠনের যুগ্ম সম্পাদক সৈকত কর হুঁশিয়ারি দিয়েছেন যে, দাবি পূরণ না হলে জোরালো আন্দোলন সংগঠিত হবে।