ব্যাঙ্ককর্মীদের ছাঁটাইয়ে বেঙ্গালুরুতে বিক্ষোভ

আইসিআইসিআই ব্যাঙ্কের কর্মীদের অন্যায় ছাঁটাইয়ের ধারা অব্যাহত। শো কজ, চার্জশিট, ডোমেস্টিক এনকোয়ারি, সেল্ফ ডিফেন্স প্রভৃতি আইনানুগ পদক্ষেপগুলি এড়িয়ে আইসিআইসিআই কর্তৃপক্ষ যেভাবে কর্মীদের প্রতিনিয়ত ছাঁটাই করছে তার বিরুদ্ধে গর্জে উঠেছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম। কলকাতা, দিল্লির পর বেঙ্গালুরুতেও প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল। ২২ আগস্ট শহরের ফ্রিডম পার্কে ব্যাঙ্ককর্মী সহ শতাধিক মানুষ বিক্ষোভে শামিল হন। স্লোগান ওঠে আইসিআইসিআই ব্যাঙ্ককর্মীদের অন্যায় ছাঁটাই বন্ধ করতে হবে, ছাঁটাই হওয়া ব্যাঙ্ককর্মীদের অবিলম্বে কাজে ফেরাতে হবে, আইসিআইসিআই ব্যাঙ্ক কর্মীদের ইউনিয়ন করার অধিকার দিতে হবে, ছাঁটাই নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে এআইইউটিইউসি অনুমোদিত ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের সঙ্গে পূর্ণাঙ্গ আলোচনায় বসতে হবে।

বিক্ষোভ সভায় ব্যাঙ্কের নেতৃবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন এআইইউটিইউসি-র সর্বভারতীয় সহসভাপতি কে সোমাশেখর, অন্যতম নেতা ভেনুগোপাল প্রমুখ। বিক্ষোভ সভা থেকে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের সভাপতি ডঃ পূর্ণচন্দ্র বেহেরার নেতৃত্বে চার সদস্যের এক প্রতিনিধিদল ব্যাঙ্কের আঞ্চলিক প্রশাসনিক অফিসে ডেপুটেশন দেন। আঞ্চলিক প্রধান স্মারকলিপি গ্রহণ করে তা সদর দফতরে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক জগন্নাথ রায়মণ্ডল, সম্পাদক গৌরীশঙ্কর দাস, এআইইউটিইউসি নেতা সন্মুগম পি এস।