
বিজেপির সাম্প্রতিক বন্দেমাতরম প্রীতি সম্পর্কে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ৮ নভেম্বর এক বিবৃতিতে বলেন,
একদিকে রবীন্দ্রনাথের গান ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ গাইবার জন্য রাষ্ট্রদ্রোহের মামলা করা, আবার ঠিক এই গানটিকেই জনসভায় প্রধানমন্ত্রী মোদির ভাঙা বাংলায় গেয়ে ভোটের স্বার্থ রক্ষা করা। এ সব এক দিকে বিজেপির দ্বিচারিতা এবং অন্য দিকে দেশের নবজাগরণের চিন্তা-চেতনাকে ধ্বংস করার প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়। যে ব্রিটিশবিরোধী আন্দোলনে অসংখ্য শহিদ মানবতাবাদী সাহিত্যিক বঙ্কিমচন্দ্র রচিত ‘বন্দে মাতরম’ স্লোগান দিয়ে জীবন বিসর্জন দিয়েছেন, আরএসএস ও সঙ্ঘ পরিবার সেই স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছে।
ফলে তাদের উত্তরসূরী বিজেপির মুখে হঠাৎ বঙ্কিমচন্দ্রের ‘বন্দে মাতরম’-এর জয়ধ্বনি শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে বিস্মিত করেছে। আমরা দৃঢ় ভাবে মনে করি, এটা শুধু দ্বিচারিতা নয়, সামনের বিধানসভা নির্বাচনে বাঙালি আবেগকে কাজে লাগিয়ে ফয়দা তোলার অপচেষ্টা।