Breaking News

বাঙ্গালোরে টানেল রোড প্রকল্প বাতিলের দাবি এসইউসিআই(সি)-র

বিশেষজ্ঞদের এবং জনসাধারণের বিরোধিতা সত্ত্বেও কর্ণাটকের কংগ্রেস সরকার বাঙ্গালোরে ৫৫ হাজার কোটি টাকা ব্যয়ে টানেল রোড প্রকল্প করছে। এর তীব্র নিন্দা করেছে এসইউসিআই(সি) বাঙ্গালোর জেলা কমিটি। তাঁদের বক্তব্য, সমস্যা সমাধানের পরিবর্তে এই প্রকল্প জনসাধারণের অর্থ নয়ছয়ের পাশাপাশি শহরটিকে ধ্বংসের পথে নিয়ে যাবে।

সরকার বলছে, এই সুড়ঙ্গ পথ ট্রাফিক জ্যাম থেকে মুক্তির একমাত্র উপায়। যদিও এই প্রকল্পে সুড়ঙ্গ-পথ তৈরি হচ্ছে শুধুমাত্র সীমিতসংখ্যক গাড়ির জন্য, যা মুষ্টিমেয় অংশের মানুষই ব্যবহার করেন। আরও কম অর্থব্যয়ে সুষ্ঠু গণপরিবহণের ব্যবস্থাগুলি গড়ে না তুলে এই প্রকল্প রূপায়ণের মাধ্যমে করভার জর্জরিত মানুষের ঘাড়ে আরও বোঝা চাপাতে চাইছে সরকার।

প্রকল্পটিতে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ত্রুটি আছে। এমনকি ভূ-তাত্ত্বিক ঝুঁকি, জমি অধিগ্রহণ, গাছপালা ধ্বংসের সংখ্যা সহ পরিবেশের উপর সামগ্রিক প্রভাবের বিষয়টিও পর্যালোচনা করা হয়নি। এই প্রকল্প লালবাগ, সাঙ্কি ট্যাঙ্ক এবং হেব্বল লেকের মতো পরিবেশ রক্ষাকারী সম্পদ নষ্ট করবে। বিরোধী দল বিজেপি এক দিকে এই প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে, অন্য দিকে নীতিগত ভাবে তারা টানেল করার বিরোধী নয় বলে ঘোষণা করে তাদের দ্বিচারী ভূমিকা স্পষ্ট করেছে।

এস ইউ সি আই (সি) বাঙ্গালোর জেলা কমিটির সম্পাদক কমরেড এম এন শ্রীরাম অবিলম্বে এই প্রকল্প বাতিলের দাবি জানিয়েছেন। বলেছেন, শহরে যানজটের যন্ত্রণাদায়ক পরিস্থিতির পরিবর্তন করতে যুদ্ধকালীন তৎপরতায় স্বল্প খরচের গণপরিবহণ ব্যবস্থা চালু করুক সরকার। এ ছাড়া সরকারের উপর চাপ সৃষ্টি করে এই সর্বনাশা কর্মসূচি বাতিলে বাধ্য করতে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।