
উত্তর ২৪ পরগণায় বনগাঁ শহরে মোটরভ্যান চালকদের উপরে মোটর ভেহিকেলস দপ্তরের হয়রানি ও ইউনিয়নের নেতৃত্বের সাথে দুর্ব্যবহারের প্রতিবাদে ২৪ জুন এআইইউটিইউসি অনুমোদিত সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের বনগাঁ মহকুমা কমিটির ডাকে দুই সহস্রাধিক মোটরভ্যান চালক এসডিও অফিসে বিক্ষোভ দেখান। বনগাঁ টাউন হল ময়দান থেকে বিশাল মিছিল এসডিও অফিসের সামনে পৌঁছালে বিশাল পুলিশ বাহিনী মিছিল আটকায়। সেখানে অনুষ্ঠিত সভায় বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। রাজ্য সম্পাদক জয়ন্ত সাহার নেতৃত্বে দশ জনের এক প্রতিনিধি দল এসডিও-র কাছে দাবিপত্র জমা দেয়। ইউনিয়নের দাবি অনুযায়ী বনগাঁ এআরটিও সহ মোটর ভেহিকেলস দপ্তরের আধিকারিকদেরও ডেপুটেশনে হাজির করানো হয়। সংশ্লিষ্ট আধিকারিকরা ইউনিয়নের সাথে দুর্ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন এবং পারস্পরিক আলাপ আলোচনায় সমস্যা সমাধানের আশ্বাস দেন।
এই লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৪৭ সংখ্যা ৪ – ১০ জুলাই ২০২৫ এ প্রকাশিত