
কলকাতা কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের গ্যালিফ স্ট্রিট এলাকায় দীর্ঘদিনের বাসিন্দাদের উচ্ছেদের উদ্যোগের বিরুদ্ধে নাগরিক প্রতিরোধ মঞ্চের উদ্যোগে ২ সেপ্টেম্বর কলকাতা কর্পোরেশনের বরো-১ অফিসে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। প্রতিবাদকারীরা জানান, গত ১৭ ও ৩১ আগস্ট কর্পোরেশনের পক্ষ থেকে উচ্ছেদের মৌখিক নোটিস প্রচার করা হয়েছে। মোট বয়ে, রিক্সা ভ্যান চালিয়ে বা পরিচারিকার কাজ করে জীবন জীবিকা নির্বাহ করা বহু মানুষ উচ্ছেদের আশঙ্কায় উদ্বিগ্ন। প্রতিবাদীদের বক্তব্য, ‘পুনর্বাসন ছাড়া উচ্ছেদ চলবে না।’ তাঁদের বক্তব্য, শহর উন্নয়ন বা সৌন্দর্যায়নের নামে গরিব ও প্রান্তিক মানুষের বাসস্থান ও জীবিকার ওপর আক্রমণ চলবে না।
পুরসভায় এ দিন স্মারকলিপি জমা দিয়ে দাবি করা হয়েছে, পুনর্বাসনের বিষয়টি ন্যায্য ভাবে ঠিক না হওয়া পর্যন্ত উচ্ছেদ প্রক্রিয়া স্থগিত রাখতে হবে।