
পাতিয়ালায় পাঞ্জাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে হোস্টেলের চার্জ এবং বিভিন্ন কোর্সে বিপুল পরিমাণ ফি বৃদ্ধির ঘোষণা করে। হোস্টেলগুলির অবস্থাও অত্যন্ত শোচনীয়। বর্ধিত ফি প্রত্যাহার ও অন্যান্য দাবিতে এআইডিএসও সহ ৯টি বাম ছাত্র সংগঠন আন্দোলনে নামে ও অবশেষে তা জয়যুক্ত হয়। কমিটির উদ্যোগে ১২ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসের সামনে ২৪ ঘণ্টার অবস্থান-ধরনা শুরু হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে দফায় দফায় আন্দোলনকারীদের বৈঠক হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার ফি বৃদ্ধির পক্ষে নিজেদের যুক্তি উপস্থাপন করে আন্দোলনকারীদের কিছুটা ফি-বৃদ্ধি মেনে নিতে বলে। কিন্তু আন্দোলনকারীরা দৃঢ়ভাবে জানায়, বিশ্ববিদ্যালয়ের আর্থিক অবস্থা উন্নত করার জন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে বর্ধিত ফি আদায় তারা মেনে নেবে না। বর্ধিত ফি-র ১০০ শতাংশই প্রত্যাহার করতে হবে। ২১ দিন লাগাতার আন্দোলনের চাপে অবশেষে পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ বলবীর সিং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে দীর্ঘ বৈঠক করেন। সেখানে তিনি উপাচার্যের উপস্থিতিতে ছাত্রদের সমস্ত দাবি মেনে নিয়ে লিখিত আশ্বাস দেন। শুরু থেকেই আন্দোলনে এআইডিএসও-র অবস্থান অন্যান্য ছাত্রদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করে।