পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ

ওড়িশা সহ বিভিন্ন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বিতাড়ন ও নিপীড়ন বন্ধ, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, এসআইআর-এর অজুহাতে ভোটার তালিকা থেকে পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র রোধ ও শুনানিতে ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকের পক্ষে পরিবারের সদস্যের প্রতিনিধিত্ব করার অধিকার সহ ৬ দফা দাবিতে ৬ জানুয়ারি এআইইউটিইউসি অনুমোদিত অল ইন্ডিয়া মাইগ্র্যান্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্যপাল, কেন্দ্রীয় ও রাজ্য শ্রমদপ্তর ও রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। সুবোধ মল্লিক স্কোয়ারে সংক্ষিপ্ত সভার পর মিছিল শুরু হয়ে ধর্মতলার ওয়াই চ্যানেলে পৌঁছায়। সেখানে সভায় বক্তব্য রাখেন এআইইউটিইউসি রাজ্য সম্পাদক অশোক দাস। বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি জয়কৃষ্ণ হালদার, সম্পাদক জয়ন্ত সাহা প্রমুখ। শেষে জয়কৃষ্ণ হালদার, জয়ন্ত সাহা, সম্পাদকমণ্ডলীর সদস্য প্রবীর দে-র নেতৃত্বে তিনটি প্রতিনিধি দল উল্লেখিত ৪ দপ্তরে ডেপুটেশন দেয়।

উল্লেখ্য, সংগঠনের ডেপুটেশন ও আন্দোলন সহ সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষের দাবির চাপে নির্বাচন কমিশন এসআইআর-এর শুনানিতে অন্য রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিক সহ সকল নির্বাচকের পক্ষে পরিবারের সদস্যের উপস্থিত থাকার অধিকার দিতে বাধ্য হয়।