
এসইউসিআই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১২ আগস্ট এক বিবৃতিতে বলেন, গাজার আল-শিফা হাসপাতালের কাছে ইজরায়েলি বাহিনী যে ভাবে সুনির্দিষ্ট পরিকল্পনা করে সাত জন খ্যাতনামা সাংবাদিককে হত্যা করেছে তার নিন্দায় কোনও ভাষাই যথেষ্ট নয়। সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর এ এক ঘৃণ্য আক্রমণ। সারা দুনিয়ার সামনে এই সাংবাদিকরাই গাজা ভূখণ্ডে ইজরায়েলের দুষ্কর্ম ও ধ্বংসলীলাকে ফাঁস করে দিয়েছেন। গাজায় সামরিক আক্রমণ শুরু করার পর থেকে ইজরায়েল অন্তত ২৭০ জন সাংবাদিক ও সংবাদমাধ্যমের কর্মীকে হত্যা করেছে। আন্তর্জাতিক আইন, বিশেষত জেনেভা কনভেনশন ও তার প্রোটোকল এবং মানবাধিকার সংক্রান্ত আইনে যুদ্ধক্ষেত্রে বিপদের মধ্যে কর্মরত সাংবাদিকদের যে রক্ষাকবচ দিয়েছে, তাঁদেরকে সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত করার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আছে ইজরায়েল তা সম্পূর্ণ ভাবে লঙ্ঘন করে চলেছে।
ইহুদিবাদী ইজরায়েলি শাসকরা গাজা ভূখণ্ডে নৃশংস মার্কিন সাম্রাজ্যবাদীদের সহায়তায় যে গণহত্যা চালিয়ে যাচ্ছে তার সাথে একমাত্র হিরোসিমা-নাগাসাকিতে মার্কিন পরমাণু বোমা বর্ষণ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের দ্বারা ইহুদি নিধন যজ্ঞে ভয়াবহ গণহত্যারই তুলনা চলতে পারে।