
“…একজন সাম্যবাদ শিখতে পারে তখনই, যদি সে শোষণমূলক পুরনো সমাজের বিরুদ্ধে সর্বহারা ও শ্রমজীবী জনগণের ধারাবাহিক সংগ্রামের সঙ্গে প্রতি পদক্ষেপে নিজের অধ্যয়ন, অনুশীলন ও শিক্ষাকে যুক্ত করে। লোকে যখন আমাদের নৈতিকতার কথা বলে, আমরা বলি, শোষকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল ও সচেতন গণসংগ্রামের মধ্যেই সাম্যবাদীর সমস্ত নীতিবোধ নিহিত আছে। আমরা কোনও চিরন্তন নৈতিকতায় বিশ্বাস করি না এবং আমরা নীতিবোধ সম্বন্ধে সমস্ত মিথ্যা গালগল্পের মুখোশ খুলে দিই। মানব সমাজকে উন্নত স্তরে পৌঁছে দেওয়া, শ্রমকে শোষণ-মুক্ত করার জন্যই প্রয়োজন নৈতিকতার। …
আমরা সেই ধরনের শিক্ষা, অনুশীলন এবং বিদ্যায় বিশ্বাস করি না, যা বিদ্যালয়ের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ এবং যা জীবনের উদ্দীপনা থেকে বিচ্যুত। যত দিন পর্যন্ত শ্রমিক, কৃষকরা জমিদার ও পুঁজিপতিদের দ্বারা শোষিত হবে, যত দিন পর্যন্ত শিক্ষালয়গুলি জমিদারদের ও পুঁজিপতিদের অধীন থাকবে, তত দিন তরুণসমাজ অন্ধ ও অজ্ঞ থাকবে। আমাদের বিদ্যালয়গুলিকে যুবকদের অবশ্যই জ্ঞানের ভিত্তিমূলক বিষয়গুলি শেখাতে হবে, সাম্যবাদী দৃষ্টিভঙ্গি অর্জন করার স্বকীয় ক্ষমতা তাদের মধ্যে তৈরি করতে হবে। বিদ্যালয়গুলিকে অবশ্যই যুবকদের শিক্ষিত মানুষ করে তুলতে হবে।
স্কুলে শিক্ষালাভ করতে করতেই শোষকদের হাত থেকে মুক্তি অর্জনের সংগ্রামের অংশীদার হতে অবশ্যই শিখতে হবে তাদের। যুব কমিউনিস্ট লিগ একমাত্র তখনই সাম্যবাদী যুবকদের সংগঠন হিসাবে তার নামের সার্থকতা প্রমাণ করতে পারবে, যখন তার শিক্ষা-দীক্ষা ও অনুশীলনের প্রতিটি পদক্ষেপকে শোষকের বিরুদ্ধে শ্রমজীবী মানুষের সার্বজনীন সংগ্রামে অংশগ্রহণের সঙ্গে যুক্ত করতে পারবে।
আপনারা সবাই জানেন, যত দিন একমাত্র রাশিয়া শ্রমিক প্রজাতন্ত্র হিসাবে থাকবে, আর বাকি বিশ্বে বুর্জোয়াদের পুরনো ব্যবস্থা টিকে থাকবে, তত দিন পর্যন্ত আমরা ওদের থেকে দুর্বলতর হয়ে থাকব, আমাদের সব সময়েই নতুন নতুন আক্রমণের হুমকির মধ্যে থাকতে হবে। দৃঢ় ভাবে ঐক্যবদ্ধ হয়ে কেমন করে থাকতে হয় সেটা আমরা যদি শিখতে পারি, তবেই আমরা সামনের লড়াইগুলিতে জিততে পারব এবং আরও শক্তি সঞ্চয় করে প্রকৃত অর্থে অজেয় হয়ে উঠতে পারব। তাই সাম্যবাদী হওয়ার অর্থ, আপনারা সমগ্র যুবসমাজকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করে তুলে এই লড়াইয়ে শিক্ষা ও শৃঙ্খলার উদাহরণ সৃষ্টি করবেন। শুধু তখনই আপনারা সাম্যবাদী সমাজের কাঠামো গড়ে তোলার কাজ শুরু করতে এবং তাকে সম্পূর্ণ করতে পারবেন।”
(‘দি টাস্ক অফ দি ইউথ লিগ’ থেকে)