Breaking News

দলের হরিয়ানা রাজ্য সম্পাদককে গৃহবন্দি করল বিজেপি সরকার

হরিয়ানার বিজেপি মুখ্যমন্ত্রী নায়েব সিং সৈনী রেওয়ারি শহরে আসবেন। পাছে তাঁর বিরুদ্ধে মানুষ বিক্ষোভ দেখায়, সেই ভয়ে এসইউসিআই(সি) দলের হরিয়ানা রাজ্য সম্পাদক রাজেন্দ্র সিংকে ৬ সেপ্টেম্বর ভোরবেলা গৃহবন্দি করল পুলিশ। এই নিয়ে ছ-বার পুলিশ তাঁকে গৃহবন্দি করে রাখল।

এর আগে প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর রেওয়ারি শহরে এলেই তাঁকে গৃহবন্দি করে রাখা হত। প্রশাসন ও পুলিশের এই আচরণ চরম অগণতান্ত্রিক এবং সম্পূর্ণ বেআইনি বলে দলের হরিয়ানা রাজ্য কমিটি এ দিন এক বিবৃতিতে এর প্রতিবাদ জানিয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগে রেওয়ারি রেলস্টেশন থেকে এক শিশুকন্যা চুরির ঘটনায় কমরেড রাজেন্দ্র সিং-এর নেতৃত্বে তুমুল নাগরিক আন্দোলন গড়ে ওঠে। যার চাপে পুলিশ সেই শিশুটি সহ আরও ২৩টি শিশুকে উদ্ধার করে। পুলিশ প্রশাসনও তাঁর ভূমিকা স্বীকার করতে বাধ্য হয়। রেওয়ারি শহরে এইমস হাসপাতাল নির্মাণের জন্য তাঁর নেতৃত্বে গণআন্দোলন হয়। রেওয়ারির রামপুর-ভগবানপুরা গ্রামে সিভিল হাসপাতাল নির্মাণের দাবিতে তিনি আন্দোলন গড়ে তোলেন এবং সেই দাবি আদায় হয়। রেওয়ারি শহরে বেওয়ারিশ গবাদি পশুর হামলায় বহু মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটে চলেছে। এর প্রতিবাদে মাত্র এক দিন আগে জেলা প্রশাসনের কাছে কমরেড রাজেন্দ্র সিং-এর নেতৃত্বে গণডেপুটেশন দেওয়া হয়। জেলা আধিকারিক প্রতিশ্রুতি দেন পরদিন ৬ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী শহরে এলে তাঁর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়া হবে। কিন্তু সেই দিনই প্রশাসন তাঁকে গৃহবন্দি করে রাখল!

এই ভাবে গণআন্দোলন এবং নাগরিক আন্দোলনের এক জনপ্রিয় নেতা এবং রাজ্যের বিশিষ্ট আইনজীবী রাজেন্দ্র সিংকে বারবার গৃহবন্দি করে রাখায় জনমানসে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।