
এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ৫ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেন, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার ২ সেপ্টেম্বর গেজেট নোটিফিকেশনে বলেছে, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অবৈধ বিদেশি নাগরিকদের আটক করার জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে। এই স্বৈরাচারী নির্দেশের আমরা তীব্র নিন্দা করি। অবৈধ অভিবাসী সংক্রান্ত সমস্যা মোকাবিলায় ভারতের বর্তমান আইন এবং আইনি ব্যবস্থাটিই যথেষ্ট কার্যকরী। কেন্দ্রীয় সরকারের এই সাম্প্রতিক নির্দেশিকাটি তাই একেবারেই অপ্রয়োজনীয়।
আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করলাম, নতুন নির্দেশিকাটি অত্যন্ত সুকৌশলে রচিত হয়েছে বিশেষ মতলব থেকে। এই নির্দেশিকা মনে করিয়ে দিচ্ছে ভারতের যেখানে যেখানে এই ধরনের ডিটেনশন ক্যাম্প আছে, সেখানেই নির্বিচারে ও একতরফাভাবে মুসলমান সম্প্রদায়ের গরিব মানুষকে অবৈধ অভিবাসী বলে দাগিয়ে আটক করা হচ্ছে এবং তাদের সাথে যুদ্ধাপরাধীদের মতো বা তার থেকেও খারাপ ব্যবহার করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতেই আসামে ডিটেনশন ক্যাম্পে বন্দিদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।