
সরকার নির্ধারিত ন্যূনতম বেতন নিশ্চিত করা, সবেতন সাপ্তাহিক ছুটি, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাতে সকল পরিচারিকাকে অন্তর্ভুক্ত করার সব রকম জটিলতা দূর করা, এক মাসের বেতন বোনাস হিসাবে পাওয়া, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা সহ ৯ দফা দাবিতে সারা বাংলা পরিচারিকা সমিতির পক্ষ থেকে জেলা শ্রমদফতরে ডেপুটেশন দেওয়া হয়।
পশ্চিম মেদিনীপুরঃ জেলা কমিটির পক্ষ থেকে ৭ জানুয়ারি খড়গপুর শহরে ডেপুটি লেবার কমিশনারের অফিসে বিক্ষোভ দেখানো হয় ও ডেপুটেশন দেওয়া হয়। মিছিল করে ডিএলসি অফিসে পৌঁছে শতাধিক পরিচারিকার বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমিতির রাজ্য সহসভাপতি ভবানী চক্রবর্তী, সম্পাদক জয়শ্রী চক্রবর্তী প্রমুখ। ডিএলসি দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা (বি এম এস এস ওয়াই-তে সকল পরিচারিকাকে অন্তর্ভুক্ত করার সব রকম জটিলতা দূর করার আশ্বাস দেন।

পূর্ব মেদিনীপুরঃ জেলা কমিটির পক্ষ থেকে জেলা শ্রম দপ্তরের জয়েন্ট লেবার কমিশনারের কাছে ডেপুটেশনে শ্রমমন্ত্রীর উদ্দেশে কয়েকশো পরিচারিকার স্বাক্ষর সম্বলিত দাবিপত্র পেশ করা হয়। কমিশন দাবিগুলির সঙ্গে একমত হন এবং দাবিপত্রটি শ্রমমন্ত্রীর কাছে পাঠাবেন বলে কথা দেন। নেতৃত্ব দেন অঞ্জলি মান্না, অসীমা পাহাড়ী, মণিকা সামন্ত, রমা দাস, রীতা ওঝা প্রমুখ।