Breaking News

ডাঃ অনিকেত মাহাতোর নিয়োগের দাবিতে স্বাস্থ্যভবনে বিক্ষোভ

অভয়ার ন্যায়বিচারের আন্দোলনের অন্যতম নেতা ডাঃ অনিকেত মাহাতো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিহিংসার শিকার হয়ে গত ছ’ মাস ধরে হাসপাতালে কাজে যোগ দিতে পারছেন না। এই ছ’ মাসে তিনি কোনও বেতন পাননি। রাজ্যের স্বাস্থ্য দপ্তর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নিয়োগের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে ডাঃ মাহাতোকে আজও আরজি কর মেডিকেল কলেজে নিয়োগ করছে না। এই স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে ২৫ নভেম্বর স্বাস্থ্য ভবনে ডিরেক্টর অব মেডিকেল এডুকেশন ও প্রিন্সিপাল সেক্রেটারির কাছে ‘ভয়েস অফ অভয়া, ভয়েস অফ উইমেন’ ডেপুটেশন দেয়। সংগঠনের সম্পাদক ও সভাপতি যথাক্রমে ডাঃ বিপ্লব চন্দ্র এবং প্রবীণ আইনজীবী পার্থসারথি সেনগুপ্তের নেতৃত্বে এই কর্মসূচিতে সমাজের নানা স্তরের মানুষ উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ ডেপুটেশন না নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের কয়েকশো পুলিশ দিয়ে আটকানোর চেষ্টা করে। নেতৃবৃন্দ বলেন, এ ভাবে আন্দোলন দমন করা যাবে না। প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ না হওয়ায় ডাঃ অনিকেত মাহাতো সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন।