জ্যোতিরাও ফুলের দ্বিশততম জন্মবার্ষিকী উদযাপন করছে এআইডিএসও

জ্যোতিরাও ফুলের দ্বিশততম জন্মবার্ষিকী উদযাপন কর্মসূচির উদ্বোধনী সভা নাগপুরে। (বাঁ দিকের ছবিতে) বক্তব্য রাখছেন ডঃ এস ভি খান্দেওয়ালে। মঞ্চে উপস্থিত ডাঃ নিকেতন জাম্বুলকর সহ এআইডিএসও নেতৃবৃন্দ

ভারতীয় নবজাগরণের অন্যতম মনীষী মহাত্মা জ্যোতিরাও ফুলের দ্বিশততম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সঙ্গে দেশ জুড়ে পালনের উদ্যোগ নিয়েছে এআইডিএসও কেন্দ্রীয় কাউন্সিল। কর্মসূচির উদ্বোধন উপলক্ষে ২৮ নভেম্বর, মনীষীর মৃত্যুদিনে, মহারাষ্ট্রের নাগপুরে আয়োজিত হল সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধন করেন নাগপুরের গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রবীণ শল্য চিকিৎসক ও অধ্যাপক ডাঃ নিকেতন জাম্বুলকর। নাগপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান এবং প্রখ্যাত লেখক ডঃ এস ভি খান্দেওয়ালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে এআইডিএসও-র সর্বভারতীয় সভাপতি সৌরভ ঘোষ উদ্ধৃতি প্রদর্শনী উদ্বোধন করেন। সেমিনারের মুখ্য আলোচক সংগঠনের সাধারণ সম্পাদক শিবাশীষ প্রহরাজ জ্যোতিরাও ফুলের জীবন সংগ্রামের কিছু দিক তুলে ধরে বলেন, আজ এক দিকে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের উপর চরম আক্রমণ হচ্ছে, আর এ সব থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে মধ্যযুগীয় জাত-পাত, ধর্ম-বর্ণের বিভেদ সমাজে আরও পোক্ত করার ষড়যন্ত্র করছে সরকার। অপর বক্তা সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মণিশঙ্কর পট্টনায়ক নবজাগরণের ধারায় জ্যোতিরাও ফুলের সংগ্রাম ছাত্রদের সামনে তুলে ধরেন। উপস্থিত ছিলেন এআইডিএসও-র সহসভাপতি চন্দন সাঁতরা, সভাপতিত্ব করেন নাগপুর জোনাল ইনচার্জ আশীষ লোখণ্ডে। নাগপুরের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শতাধিক ছাত্রছাত্রীর অংশগ্রহণ এবং সাংস্কৃতিক নানা অনুষ্ঠান প্রভৃতি কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে। দেশ জুড়ে সারা বছর ধরে অন্তত ২ হাজার সভা এবং ২ লক্ষ ছাত্রের হাতে জ্যোতিরাও ফুলের ছবি তুলে দেওয়ার পরিকল্পনার কথা এই সভায় ঘোষণা করা হয়।