জেলায় জেলায় পরিচারিকাদের বিক্ষোভ

ঝাড়গ্রামঃ সরকার নির্ধারিত ন্যূনতম বেতন সুনিশ্চিত করা, সবেতন সাপ্তাহিক ছুটি, বিনামুল্যে সামাজিক সুরক্ষা যোজনাতে সকল পরিচারিকাকে অন্তর্ভুক্ত করার জটিলতা দূর করা, এক মাসের বেতন বোনাস হিসাবে দেওয়া, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সম্মানজনক পরিবেশ সুনিশ্চিত করা, মাতৃত্বকালীন ছুটি, তামিলনাড়ু সরকারের মতো এ রাজ্যেও পরিচারিকাদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ সহ ৯ দফা দাবিতে সারা বাংলা পরিচারিকা সমিতির ঝাড়গ্রাম জেলা কমিটির পক্ষ থেকে ২৭ জানুয়ারি ঝাড়গ্রামে ডেপুটি লেবার কমিশনারের অফিসে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন দেওয়া হয়। বক্তব্য রাখেন সমিতির রাজ্য সহসভানেত্রী অর্চনা বেরা ও রাজ্য সম্পাদিকা জয়শ্রী চক্রবর্তী। প্রতিনিধিরা ডিএলসি-র মাধ্যমে শ্রমমন্ত্রীর উদ্দেশ্যে পাঁচ শতাধিক স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি জমা দেন। ডিএলসি দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বিএমএসএসওয়াই-তে সকল পরিচারিকাকে অন্তর্ভুক্ত করার জটিলতা দূর করা এবং স্মারকলিপিটি শ্রমমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

প্রতিনিধি দলে ছিলেন জেলা সম্পাদিকা নীতিকণা মাইতি, অঞ্জনা পাল, সন্তোষী দোলাই, অঞ্জু মল্লিক, জায়েদা বিবি, মালতি রায়, শ্যামলী বারিক ও রুপা বৈঠা।

রঘুনাথপুরঃ ২৮ জানুয়ারি পুরুলিয়া জেলায় সারা বাংলা পরিচারিকা সমিতির রঘুনাথপুর শাখার উদ্যোগে ক্ষুদিরাম চক থেকে পরিচারিকা মহিলারা মিছিল করে রঘুনাথপুর অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার অফিসে যান। ৯ দফা দাবিতে বিক্ষোভ দেখান ও ডেপুটেশন দেওয়া হয়। শ্রম দপ্তরের আধিকারিক দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি রাজ্যের শ্রমমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেন। উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সম্পাদিকা শোভা মাহাতো, রাজ্য কমিটির সদস্য শিবানী বাউরী সহ রঘুনাথপুর শহরের আটটি এলাকার শতাধিক পরিচারিকা মহিলা।