
এআইডিএসও-র সাধারণ সম্পাদক শিবাশিস প্রহরাজ ৯ জানুয়ারি এক বিবৃতিতে জম্মুর ‘শ্রী মাতা বৈষ্ণদেবী ইনস্টিটিউট অফ মেডিক্যাল এক্সলেন্স’-এর স্বীকৃতি বাতিল করার ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)-র সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেছেন,
আমরা মনে করি এটি একটি সাম্প্রদায়িক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ যেখানে এনএমসি-কে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। বেশ কিছু হিন্দু মৌলবাদী গোষ্ঠী কলেজে ভর্তি হওয়া মুসলিম শিক্ষার্থীদের অনুপাত নিয়ে আপত্তি তুলে বিক্ষোভ দেখানোর পর, এনএমসি ন্যূনতম মানের অভাবের অজুহাত দেখিয়ে এই পদক্ষেপ গ্রহণ করেছে। মনে রাখা প্রয়োজন যে, ভর্তি প্রক্রিয়াটি কোনও খামখেয়ালি নির্বাচন ছিল না, বরং নিট-এর মেধা তালিকার ভিত্তিতে হয়েছিল। বিজেপি-ও এই ভর্তি প্রক্রিয়া বাতিল করার জন্য কেন্দ্রশাসিত অঞ্চলের উপ-রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিয়েছিল। যেখানে একটি সরকারের অগ্রাধিকার হওয়া উচিত আরও বেশি নতুন মেডিকেল কলেজ খোলা এবং ন্যূনতম মান বজায় রাখার জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়া, সেখানে এমবিবিএস কোর্স শুরুর অনুমতি দেওয়ার এক বছরের মধ্যেই কলেজটি বন্ধ করে দেওয়া দেশের প্রতিটি চিন্তাশীল মানুষের মনে সরকারি অভিসন্ধি সম্পর্কে সন্দেহ দেখা দিয়েছে।
এআইডিএসও এই মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং দেশের সাধারণ মানুষ, বিশেষ করে ছাত্রসমাজকে শাসক দলের এই ছাত্র-বিরোধী ও শিক্ষাবিরোধী সাম্প্রদায়িক পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে।