Breaking News

জনস্বাস্থ্য আন্দোলনের বিশিষ্ট নেতাকে স্মরণ বাঁকুড়ায়

বাঁকুড়ার চিকিৎসক আন্দোলন ও জনস্বাস্থ্য আন্দোলনের বিশিষ্ট নেতা এবং সামাজিক আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ডাঃ নীলাঞ্জন কুণ্ডু ক্যান্সারে আক্রান্ত হয়ে ১১ ফেব্রুয়ারি রাতে ৭৫ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন মেডিকেল সার্ভিস সেন্টার বাঁকুড়া জেলা কমিটির সভাপতি ও রাজ্য কমিটির সহ-সভাপতি এবং হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের সহ-সভাপতি। তিনি বাঁকুড়া জেলা শিবদাস ঘোষ মেমোরিয়াল কমিটি এবং স্ট্রাগল কমিটি ফর আরজিকর-এর সভাপতি ছিলেন। তিনি সারা জীবন মেডিকেল এথিক্সের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরেছেন।

১৯ ফেব্রুয়ারি বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা বলেন, ডাঃ নীলাঞ্জন কুণ্ডু তাঁর জীবন সংগ্রামের মধ্য দিয়ে একজন আদর্শ ও জনদরদি চিকিৎসক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন, জনস্বাস্থ্য আন্দোলন এবং সামাজিক আন্দোলনে বিশেষভাবে নেতৃত্ব দিয়েছেন। এরকম একজন বিরল চরিত্রের চিকিৎসকের কর্মজীবনের বিভিন্ন দিক সভায় আলোচিত হয়। বর্তমানে চূড়ান্ত নৈতিকতার সঙ্কটের সময়ে, জনস্বাস্থ্য যখন বিপন্ন, কর্পোরেট পুঁজির চূড়ান্ত মুনাফার বিষয়ে পরিণত হয়েছে। মেডিকেল এথিক্স যখন ভূলুণ্ঠিত, সেই সময়ে তাঁর সংগ্রামময় জীবন, আদর্শ মূল্যবোধকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যকে সামনে রেখে এবং তাঁর অপূরিত কাজ পূরণ করার উদ্দেশ্যে শহরের বিশিষ্ট জনেদের নিয়ে ‘ডাঃ নীলাঞ্জন কুণ্ডু স্মৃতিরক্ষা সমিতি’ গঠিত হয়। উপস্থিত ছিলেন জেলার স্বনামধন্য ডাঃ অমিতাভ চট্টরাজ, ডাঃ জীতেন ব্যানার্জী, সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ সজল বিশ্বাস, ইন্ডিয়ান মেডিকেল অ্যসোসিয়েশনের বাঁকুড়া শাখার সম্পাদক ডাঃ সুদেব সিনহা, মেডিকেল সার্ভিস সেন্টারের জেলা সম্পাদক ডাঃ তন্ময় মণ্ডল, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব নদীয়া ইন্দু বিশ্বাস, শিক্ষক রঞ্জিত মাহাতো, সরকারি কর্মচারী ইউনিয়নের জেলা সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের জেলা সম্পাদিকা লক্ষ্মী সরকার এবং ডাঃ নীলাঞ্জন কুণ্ডুর দুই কন্যা ডাঃ নিবেদিতা কুণ্ডু ও ডাঃ সঞ্চয়িতা কুণ্ডু, ভাইপো ডাঃ শ্যামসুন্দর কুণ্ডু লিগ্যাল সার্ভিস সেন্টারের জেলা সম্পাদক অ্যাডভোকেট পরিতোষ দাস সহ শতাধিক চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী অ্যাডভোকেট শিক্ষক এবং সমাজকর্মী।