
ছত্তিশগড়ের রায়পুরে ১২টি জেলার শত শত মহিলাকর্মী বিক্ষোভ দেখালেন। এই বিক্ষোভের ডাক দিয়েছিল এআইইউটিইউসি অনুমোদিত এনআরএসএলএম ‘কৃষি সখী পশু সখী সংঘ’ ১৫ জানুয়ারি সরকার নির্ধারিত ন্যূনতম মজুরির দাবিতে। এই কর্মীদের রাজ্য সরকার মাসে মাত্র ১৯১০ টাকা ভাতা দেয়। কিন্তু কাজের প্রয়োজনে তাঁদের পকেট থেকেই খরচ করতে হয় ৫ হাজার টাকার বেশি।
এআইইউটিইউসি নেতা বিশ্বজিৎ হারোড়ে বলেন, মন্ত্রী, এমএলএ, এমপিদের লক্ষ লক্ষ টাকা ভাতা দেয় সরকার, অথচ সাধারণ কর্মীদের টাকা দিতে তারা নারাজ। বিক্ষোভে দাবি জানানো হয় সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি এই কর্মীদের দিতে হবে। বিক্ষোভের পর মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি দেওয়া হয়।
বক্তব্য রাখেন সংগঠনের সভানেত্রী ঐশ্বর্যা রায়, সাধারণ সম্পাদক রামেশ্বরী রাজপুত প্রমুখ নেতৃবৃন্দ।