
সুপ্রিম কোর্ট নিযুক্ত বিচারকদের দ্বারা এসআইআর প্রসঙ্গে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২৪ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন,
সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর-এর কাজে নিযুক্ত বিচারকরা সংবিধানের যে ধারায় যোগ্য-অযোগ্য নিষ্পত্তি করবেন তা নাগরিকত্ব নির্ণয়ের বিধি ছাড়া আর কিছু নয়। অর্থাৎ যে অভিযোগ আমরা প্রথম থেকেই করছিলাম যে, নির্বাচন কমিশন এসআইআর-এর নামে আসলে এনআরসি করতে চাইছে তা সুপ্রিম কোর্ট নিয়োজিত বিচারকদের কর্মপদ্ধতির দ্বারা নিশ্চিত হল। অথচ ভারতের সংবিধান, ‘ভারতের জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫০’ ও ‘ভোটার নিবন্ধন বিধি ১৯৬০’– কোথাও নির্বাচন কমিশনকে এই অধিকার দেওয়া হয়নি। একমাত্র সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে স্বরাষ্ট্র দপ্তরকেই প্রমাণ করতে হয় কেউ ভারতের নাগরিক কি না। কিন্তু, এসআইআর-এ যে নথিগুলি শুনানিতে ডাক পাওয়া মানুষকে দেখাতে হবে তা অনেকের, বিশেষ করে দরিদ্র মানুষ, পরিযায়ী শ্রমিক, মহিলাদের পক্ষে দেখানো সম্ভব হবে না।
ফলে তাঁদের নাম চূড়ান্ত তালিকায় থাকবে না এবং এ দেশে থাকাটা সম্পূর্ণ অনিশ্চয়তায় পর্যবসিত হবে। আমরা আবারও এই এসআইআর পদ্ধতির তীব্র বিরোধিতা করছি এবং কোনও যোগ্য ভারতীয় যাতে ভোটার লিস্ট থেকে বাদ না যান তা সুনিশ্চিত করার দাবি করছি।