
গত এক মাস ধরে দফায় দফায় অতিবৃষ্টি এবং নিকাশির অব্যবস্থাজনিত কারণে পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্লকের পাঁচটি অঞ্চলের আমন ধান, পান ও মাছ চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণের ও পরবর্তী চাষের জন্য কৃষি সরঞ্জাম বিনামূল্যে সরবরাহের দাবিতে অ্যাবেকা মোহনপুর ব্লক কমিটির পক্ষ থেকে ১ সেপ্টেম্বর মোহনপুর বিডিও-র কাছে ডেপুটেশন দেওয়া হয়। বিডিও জেলা ও রাজ্য প্রশাসনের সঙ্গে বিষয়টি আলোচনা করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এর আগে মিছিল করে মোহনপুর শহর পরিক্রমা করে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। সেখান থেকে তিন শতাধিক গ্রাহক ‘আমি স্মার্ট মিটার চাই না’– এই আপত্তিপত্র নিয়ে বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজারের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিলে সামিল হন।
বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য দীপক পাত্র, জেলা সভাপতি পূর্ণচন্দ্র পাত্র, ব্লক সভাপতি হিমাংশু দাস, সম্পাদক কবীন্দ্র সাহু, অফিস সম্পাদক পঙ্কজ ভঞ্জ প্রমুখ। এসএম-কে আপত্তিপত্র দিয়ে দ্ব্যর্থহীন ভাষায় গ্রাহকরা জানান, কোথাও স্মার্ট মিটার বসানো যাবে না।