
ছত্তিশগড়ের কৃষিবন্ধু এবং প্রাণীবন্ধুরা চূড়ান্ত সরকারি বঞ্চনার শিকার। তাঁরা মাসে মাত্র ১৯১০ টাকা সাম্মানিক পান। বহু বছর কাজ করা সত্ত্বেও অনেক কর্মীকে জোর করে ছাঁটাই করা হচ্ছে। এর প্রতিবাদে বিহান সক্রিয় মহিলা সংঘ এবং কৃষিবন্ধু প্রাণীবন্ধু সংঘ (এআইইউটিইউসি অনুমোদিত) গত ১৯ ফেব্রুয়ারি ছত্তিশগড়ের রায়পুরে বিক্ষোভ দেখালে পুলিশ সেই ন্যায়সঙ্গত আন্দোলনে বাধা দেয় এবং জোর করে গাড়িতে তুলে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু তা সত্তে্বও মহিলাকর্মীরা সাহসের সঙ্গে বিক্ষোভ দেখান। বিজেপি সরকারের পুলিশ এই আন্দোলনকে জোর করে ভাঙার চেষ্টা করে। এমনকি বিক্ষোভের পরে পাশের একটি পার্কে কর্মীরা যখন বিশ্রাম নিচ্ছিলেন, সেখানেও পুলিশ হামলা চালায়।
পুলিশের এই বর্বর আক্রমণের প্রতিবাদে এবং সাম্মানিক ভাতা মাসে ন্যূনতম ৬ হাজার টাকা, অন্যায় ছাঁটাই বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে ২০ ফেব্রুয়ারি থেকে দাবি না মানা পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে ‘কাম বন্ধ, কলম বন্ধ হরতাল’-এর ডাক দেওয়া হয়েছে এবং বিধায়ক ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হয়েছে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সক্রিয় মহিলা সংঘের সভানেত্রী পদ্মা পাটিল, সম্পাদিকা বিন্দু যাদব, কৃষিবন্ধু-প্রাণীবন্ধু সঙ্ঘের সভানেত্রী ঐশ্বর্যা রায় এবং সম্পাদিকা রামেশ্বরী রাজপুত।