কাশ্মীরে উর্দু সরিয়ে হিন্দি চাপানোর ফরমান বিপজ্জনক

এসইউসিআই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৪ আগস্ট এক বিবৃতিতে কাশ্মীরে উর্দু ভাষা সরিয়ে হিন্দি চাপানোর কেন্দ্রীয় সরকারি ফরমানের তীব্র নিন্দা করেছেন। জম্মু ও কাশ্মীরের সর্বত্র উর্দু ভাষায় লেখা সাইনবোর্ড সরিয়ে হিন্দি ভাষা চালুর কেন্দ্রীয় সরকারি প্রচেষ্টার নিন্দা করে তিনি বলেন,

এই উদ্যোগ হীন উদ্দেশ্যমূলক। কাশ্মীরের মতো অঞ্চলে যেখানে নানা আঞ্চলিক ভাষা প্রচলিত আছে, উর্দু সেখানে বহুল প্রচলিত একটি ভাষা– যার একটা গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য আছে এবং ওই রাজ্যে তা সরকারি ভাষা হিসাবে স্বীকৃত। সংবিধানের অষ্টম তফশিলে অন্তর্ভুক্ত উর্দুকে এই ভাবে মুছে দেওয়ার পরিকল্পিত প্রচেষ্টায় আমরা গভীর উদ্বেগ বোধ করছি।

উর্দু ভাষার একটি উৎকৃষ্ট ঐতিহ্য আছে। সাহিত্য ক্ষেত্রে কবিতা এবং গজল গানের ক্ষেত্রে এর অবদান সর্বজনবিদিত। ভারতের স্বাধীনতা আন্দোলনের বহু নেতার মত প্রকাশের বাহন হিসাবে উর্দু কাজ করেছে। দীর্ঘ সময় ধরে উর্দু শুধু যোগাযোগের ভাষার ভূমিকাই পালন করেনি, ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। জম্মু ও কাশ্মীরের দৈনন্দিন কার্য পরিচালনায় উর্দুর জায়গায় জোর করে হিন্দিকে বসানোর সিদ্ধান্ত উপত্যকার জনগণের মধ্যে বিচ্ছিন্নতা আরও বাড়াবে এবং তার দ্বারা মূল ভূখণ্ডের সাথে তাদের সংযুক্তির প্রক্রিয়াকে আরও বাধাগ্রস্ত করবে। কারণ সাংস্কৃতিক ঐক্য ভাষাগত জোর-জুলুমের দ্বারা অর্জিত হতে পারে না। বিভিন্ন ভাষার প্রতি প্রকৃত সম্মান প্রদর্শনই এই ঐক্যের পথকে সুগম করে।

আমরা দৃঢ়ভাবে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছি এবং এই অগণতান্ত্রিক পদক্ষেপ প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।