Breaking News

ওড়িশায় গভীর রাতে দরজা ভেঙে গ্রেপ্তার জমি রক্ষা আন্দোলনের নেতাদের, প্রবল বিক্ষোভ কৃষকদের

ওড়িশার কেওনঝড় জেলায় ক্ষোভে ফুটছে চাষিরা। পাটানায় মেগা স্টিল প্ল্যান্ট করার জন্য কৃষকের জমি জোর করে কেড়ে নিয়ে জিন্দাল-পস্কো কোম্পানিকে দিয়ে দিচ্ছে ক্ষমতাসীন বিজেপি সরকার। চাষিরা জিন্দাল-পস্কো প্রতিরোধ মঞ্চ গঠন করে নিজেদের জমি রক্ষা করতে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। চাষিদের দাবি, পস্কোর সঙ্গে সরকারের চুক্তি (মউ) বাতিল করতে হবে। চাষির কাছে জমি তার আয়ের একমাত্র উৎস। সেখান থেকে তাদের এ ভাবে উচ্ছেদ করা মানে অস্তিত্বের সঙ্কটে ফেলে দেওয়া। ফলে এই আন্দোলনে জনগণের সমর্থন, অংশগ্রহণ ক্রমাগত বাড়ছিল।

অন্য দিকে এই আন্দোলনকে ভেঙে দেওয়ার মতলব থেকে ক্ষমতাসীন বিজেপি সরকারের নির্দেশে পুলিশ গভীর রাতে মঞ্চের সম্পাদক বেনুধর সরদারের বাড়ি হানা দেয়। দরজা, গ্রিল ভেঙে ঘরে ঢোকে এবং তাঁকে গ্রেপ্তার করে। তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। গ্রেপ্তার করা হয় মঞ্চের সহ সভাপতি ভুবনানন্দ সরদারকে এবং আন্দোলনের অন্যতম নেতা সরোজ কুমার সিং, রবীন্দ্র মহন্ত, বীরেন্দ্র মাহাকুর এবং প্রবীণ নেতা অনম নায়ককে।

নেতাদের গ্রেপ্তারি গ্রামবাসীদের ক্ষোভে ঘি ঢালে। ২৭ নভেম্বর সকালেই ছয় নেতার মুক্তির দাবিতে দু’হাজারের বেশি গ্রামবাসী তুরুমুঙ্গা থানা ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল করে রওনা দেয়। পুলিশ থানার উল্টো দিকে সার্ভিস রোডে মিছিল আটকায়। গ্রামবাসীরা সেখানেই বিক্ষোভ অবস্থান চালাতে থাকেন। এক বিবৃতিতে মঞ্চের সভাপতি ঘনশ্যাম মহন্ত বলেন, গভীর রাতে পুলিশি হামলার তীব্র নিন্দা করছি। অবিলম্বে আন্দোলনকারী নেতাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। আন্দোলনকারীদের ওপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

মঞ্চের উপদেষ্টা কৃষক-খেতমজুর সংগঠন এআইকেকেএমএস-এর সম্পাদক রঘুনাথ দাস আন্দোলনের নেতাদের উপর গভীর রাতে পুলিশি হামলার নিন্দা করে বলেন, এ ভাবে আন্দোলন ভাঙা যায় না। তিনি কৃষকদের আরও বেশি সংখ্যায় আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান।