ঐক্যবদ্ধ সংগ্রাম নিয়ে আলোচনা সভা

যুদ্ধ এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধ এবং বিভেদের মননের বিপরীতে পাল্টা মনন গড়ে তোলার লক্ষ্য থেকে ‘অল ইন্ডিয়া অ্যান্টি ইম্পিরিয়ালিস্ট ফোরাম-পশ্চিমবঙ্গ’ ধারাবাহিক আলোচনা ও মত বিনিময়ের আয়োজন করছে। এর দ্বিতীয় পর্যায়ে ২০ আগস্ট কলকাতার রামমোহন হলে ‘যুদ্ধ ও বিভাজনের রাজনীতির নিরিখে শোষিত মানুষের ঐক্যের সংগ্রামক্স শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করে আটটি বামপন্থী দল। বক্তব্য রাখেন এসইউসিআই(সি)-র কমরেড অমিতাভ চ্যাটার্জী, সিপিআই(এম)-এর কমরেড অর্ণব ভট্টাচার্য, সিপিআই-এর কমরেড শুভম ব্যানার্জী, সিপিআই(এমএল)-লিবারেশনের কমরেড অতনু চক্রবর্তী, আরএসপি-র কমরেড মৃন্ময় সেনগুপ্ত, সিপিআই(এমএল) রেডস্টার-এর কমরেড শংকর, সিপিআই(এমএল) মাস লাইনের কমরেড সুমন্ত দাস এবং এমকেপি-র কমরেড সৌম্য চট্টোপাধ্যায়। শুরুতে মার্কিন মদতপুষ্ট জিওনবাদী ইজরায়েলের দ্বারা প্যালেস্টাইনে সাংবাদিক, চিকিৎসক-চিকিৎসাকর্মী সহ ক্ষুধার্ত জনসাধারণের হত্যার তীব্র নিন্দা করে সর্বসম্মতিক্রমে একটি নিন্দা প্রস্তাব গৃহীত হয়।

এসইউসিআই(সি)-র কমরেড অমিতাভ চ্যাটার্জী বামপন্থী ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, এই ঐক্যে মতবাদিক সংগ্রাম থাকতেই হবে। ধর্মনিরপেক্ষতার নামে স্লোগান দিলেও স্বাধীনতা আন্দোলনে ও পরবর্তীকালে পশ্চিমবঙ্গে বামপন্থী আন্দোলনে যথার্থ ধর্মনিরপেক্ষতার চর্চা হয়নি। সভাপতিত্ব করেন প্রথিতযশা চিকিৎসক অধ্যাপক দুর্গাপ্রসাদ চক্রবর্তী।