
সর্বনাশা চার শ্রম কোড, বেসরকারিকরণ, ঠিকাকরণ সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের শ্রমিক-কর্মচারী স্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে কলকাতার শহিদ মিনার ময়দানে ১০ নভেম্বর অনুষ্ঠিত হল ৫০ হাজারেরও বেশি শ্রমিকের বিক্ষোভ সমাবেশ। রেল, বিদ্যুৎ, ব্যাঙ্ক, জুট ইত্যাদি বিভিন্ন সংগঠিত ক্ষেত্র ও টোটো, মোটরভ্যান, বিড়ি, নির্মাণশিল্প ইত্যাদি অসংগঠিত ক্ষেত্র থেকে বিপুল সংখ্যায় শ্রমিক উপস্থিত ছিলেন। ছিলেন আশা, অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল, পৌর স্বাস্থ্যকর্মী সহ স্কিম-কর্মীরা। সমাবেশে সভাপতিত্ব করেন এআইইউটিইউসি-র পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি এ এল গুপ্তা। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সর্বভারতীয় সহ-সভাপতি স্বপন ঘোষ। এ ছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ভট্টাচার্য, রাজ্য সম্পাদক অশোক দাস প্রমুখ। সমাবেশ থেকে রাজ্যপাল, শ্রমমন্ত্রী, পরিবহণমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সহ বিভিন্ন দফতরে প্রতিনিধিদল স্মারকলিপি দেন।
বক্তারা সকলেই কেন্দ্রীয় সরকার ২৯টি শ্রম আইন বাতিল করে যে ৪টি শ্রম কোড প্রবর্তন করেছে তার ভয়াবহ দিকগুলি তুলে ধরেন। এসআইআর-এর মাধ্যমে যে ভাবে বৈধ ভোটার বিশেষ করে শ্রমজীবী মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে তার তীব্র বিরোধিতা করেন। পাশাপাশি চা শ্রমিক, স্কিম কর্মী প্রভৃতিদের উপর যে ভয়ঙ্কর শোষণ ও বঞ্চনা চলছে বক্তারা তারও নিন্দা করেন।
