Breaking News

ইরানের উপর মার্কিন-ইজরায়েল জুটির হামলা সমস্ত আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করছে

গাজা ভূখণ্ডকে ধ্বংস করার পর এবার গোটা মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণ কায়েম করার লক্ষ্যেআমেরিকান সাম্রাজ্যবাদ ও তার দোসর ইজরায়েল ইরানের ওপর আক্রমণ শুরু করেছে। ২৮ ফেব্রুয়ারি থেকে চলা এই আক্রমণে সমস্ত আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করে মার্কিন জোট ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খোমেইনি সহ একাধিক মন্ত্রী এবং অসামরিক নেতৃত্বকে হত্যা করতে তাঁদের নিশানা করে আক্রমণ চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই জঘন্য এবং নিন্দনীয় হত্যার সমর্থনে যে ধরনের আস্ফালন করেছেন তাতে স্পষ্ট যে, ইরানে শাসক পরিবর্তন করে নিজের তাঁবেদার সরকার বসানোর লক্ষে্য তারা যে কোনও দুষ্কর্ম করতে পিছপা নয়।

এই আক্রমণের কিছুদিন আগে থেকে ইরানের সাথে আলোচনার প্রহসন চালানোর মাঝেই মধ্যপ্রাচ্যে বিশাল নৌবহর মোতায়েন করেছে আমেরিকা। বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল এবং অন্যান্য পণ্য চলাচলের সমুদ্র পথকে নিজেদের কব্জায় আনা ছাড়াও মার্কিন মতলব হল সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণ কায়েম করা।

ইরানের ওপর মার্কিন ইজরায়েল জোটের এই আক্রমণের তীব্র নিন্দা করে ২৮ ফেব্রুয়ারি এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ এক বিবৃতিতে বলেন, ‘প্রতিরোধমূলক ব্যবস্থা’র নামে ইরানের উপর জিওনবাদী ইজরায়েলের এই অত্যন্ত নৃশংস সামরিক আগ্রাসনের আমরা তীব্র নিন্দা জানাই। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগকে সামনে রেখে মার্কিন সাম্রাজ্যবাদীদের পূর্ণ মদতে এই আক্রমণ নগ্ন সামরিক আগ্রাসন ছাড়া আর কিছুই নয়। প্রকৃতপক্ষে মার্কিন সাম্রাজ্যবাদই ইরানের ওপর আগ্রাসন চালাচ্ছে। আমরা এই জঘন্য আগ্রাসন অবিলম্বে বন্ধ করার দাবি জানাচ্ছি।

ভারতবাসীর কাছে অত্যন্ত লজ্জার বিষয় হল, ভারতের প্রধানমন্ত্রী ইজরায়েলের প্রধানমন্ত্রীকে ভাই বলে আলিঙ্গন করে তাঁকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মহান যোদ্ধা হিসাবে তুলে ধরার ঠিক পরেই এই আক্রমণ শুরু করল ইজরায়েল। বিশ্ববাসীর কাছে আমাদের আবেদনসার্বভৌম ইরানের বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদ এবং ইহুদিবাদী ইজরায়েলের নগ্ন আগ্রাসন বন্ধে বাধ্য করতে শক্তিশালী আন্দোলন গড়ে তুলুন। আমরা ভারত সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে ইহুদিবাদী ইজরায়েলের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।

গণদাবী ৭৮ বর্ষ ৩০ সংখ্যা ৬ মার্চ ২০২৬