Breaking News

আশাকর্মীদের প্রাপ্য টাকা দেওয়ার দাবিতে মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবকে চিঠি এআইইউটিইউসি-র

গ্রাম ও শহরের আশাকর্মীদের কর্মবিরতি চলাকালীন ফিক্সড অনারারিয়াম ও ফরম্যাট অনুযায়ী টাকা দেওয়ার ক্ষেত্রে বৈষম্য এবং কর্মীদের সঙ্গে কিছু আধিকারিকের দুর্ব্যবহারের প্রতিবাদ করে সকল কর্মীকে প্রাপ্য টাকা দেওয়ার দাবি জানিয়ে এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক দাস ২৪ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন ও পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী (কন্ট্র্যাকচুয়াল) ইউনিয়ন এবং এআইইউটিইউসি-র পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বারবার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা হয়েছে।

শেষ পর্যন্ত ৫ ফেব্রুয়ারির রাজ্য বাজেটে মাত্র এক হাজার টাকা ফি’ড অনারারিয়াম বৃদ্ধি সহ অন্যান্য যুক্তিসঙ্গত কিছু দাবি মেনে নেওয়ার ঘোষণা করা হয়। ফিক্সড অনারারিয়াম বৃদ্ধি আশানুরূপ না হওয়া সত্তে্বও গ্রাম ও শহরের কোটি কোটি গরিব মানুষের স্বাস্থ্য পরিষেবার স্বার্থে এর পর তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেন। যদিও এ কথা সকলেই জানেন যে, কর্মবিরতির সময়ও গ্রাম ও শহরের আশাকর্মীরা মা ও শিশুদের ইমার্জেন্সি কাজ মানবিকতার স্বার্থে করে গেছেন।

কিন্তু কর্মবিরতি উঠে যাওয়ার পর আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করলাম, ফিক্সড অনারারিয়াম সকলকে দেওয়া হয়নি, বৈষম্য করা হয়েছে যা ন্যায় ও আইনের বিচারে সঠিক নয়। এ ছাড়াও দেখা যাচ্ছে, বেশ কয়েকটি জেলা ও ব্লকে কিছু আধিকারিকদের অহেতুক আচরণ কাজের পরিবেশ নষ্ট করছে। আন্দোলন করে কর্মীরা যেন অপরাধ করেছেন– এমন মনোভাব প্রকাশ করছেন তাঁরা। ফলে গণতান্ত্রিক ও সুস্থ পরিবেশ বিঘ্নিত হচ্ছে।

চিঠিতে দাবি করা হয়, বৈষম্য না করে ফরম্যাট অনুযায়ী সমস্ত আশাকর্মীকে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের ফিক্সড অনারারিয়াম দিতে হবে, আন্দোলন করার গণতান্ত্রিক অধিকার খর্ব করা ও আমলাদের বিরূপ মন্তব্য করা বন্ধ করতে হবে, গ্রামীণ আশা ও পৌর স্বাস্থ্যকর্মীদের তাঁদের জন্য নির্ধারিত স্বাস্থ্য বিষয়ক কাজ ছাড়া অন্য কোনও কাজে লাগানো চলবে না, সমস্ত আশাকর্মীকে সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে ও বিভিন্ন স্তরে আলোচনায় আধিকারিকদের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা সম্পূর্ণ কার্যকর করতে হবে।

গণদাবী ৭৮ বর্ষ ৩০ সংখ্যা ৬ মার্চ ২০২৬