
আশা ও পৌর স্বাস্থ্যকর্মীদের ন্যায়সঙ্গত দাবিগুলি মেনে নেওয়ার দাবি জানিয়ে ৪ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীকে লেখা এক চিঠিতে এআইইউটিইউসি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আশাকর্মীদের সমস্ত দাবি মেনে নেওয়ার কথা বলেছেন। আশা ও পৌর স্বাস্থ্যকর্মীরা মাসিক বেতন ন্যূনতম ১৫ হাজার টাকা, ইনসেনটিভ সহ সকল বকেয়া টাকা অবিলম্বে প্রদান সহ কিছু গুরুত্বপূর্ণ দাবি নিয়ে কর্মবিরোতি করেছেন। এ ছাড়াও তাঁরা অন্যান্য যুক্তিসঙ্গত দাবি মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তরে বারবার পেশ করেছেন। কিন্তু কোনও সুরাহা হয়নি।
চিঠিতে সংগঠন বলেছে, রাজ্য সরকারের পক্ষ থেকে এই স্বাস্থ্যকর্মীদের কাজের বারবার ভূয়সী প্রশংসা করা হয়েছে। কিন্তু সরকারি স্বাস্থ্যক্ষেত্রে কাজ করলেও তাঁদের সরকারি কর্মীর স্বীকৃতি দেওয়া হয়নি এবং তাঁদের ন্যায়সঙ্গত দাবিগুলি মেনে নেওয়া হয়নি। এআইইউটিইউসি দাবি জানিয়েছে সরকারি কর্মীর স্বীকৃতি সহ সমস্ত দাবি মানার জন্য রাজ্য সরকারকে পদক্ষেপ করতে হবে।