
সরকার-ঘোষিত বর্ধিত ন্যূনতম মজুরি গত ২২ মে থেকে চালু হওয়ার কথা থাকলেও কর্ণাটকের কংগ্রেস সরকার নানা অজুহাতে এখনও তা চালু করেনি। এর প্রতিবাদে এআইইউটিইউসি-র ডাকে ব্যাঙ্গালোরের ফ্রিডম পার্কে ২ সেপ্টেম্বর এক বিক্ষোভ সভায় সমবেত হয়েছিলেন হাজার হাজার শ্রমিক। বিভিন্ন সরকারি দফতর, বোর্ড, কর্পোরেশন, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বিদ্যুৎ ক্ষেত্র সহ বেশ কয়েকটি শিল্পসংস্থায় কর্মরত দিনমজুর, চুক্তি ও আউটসোর্সড শ্রমিকরা পুঁজিমালিকদের স্বার্থে ন্যূনতম মজুরি বৃদ্ধি না করার শ্রমিকবিরোধী সরকারি ষড়যন্ত্রের বিরুদ্ধে ধিক্কারে ফেটে পড়েন। উচ্চকিত স্লোগানে উত্তাল হয়ে ওঠে সমাবেশস্থল।
বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন এআইইউটিইউসি-র কর্ণাটক রাজ্য সম্পাদক কে সোমশেখর ইয়াদগিরি। বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সভাপতি কে সোমশেখর, প্রবীণ সমাজকর্মী উগ্রনরসিমহে গৌড়া, সংগঠনের রাজ্য সহসভাপতি চন্দ্রশেখর মেটি সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। শ্রমিকদের এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন আশাকর্মী ইউনিয়ন, মিড-ডে মিল ওয়ার্কার্স ইউনিয়ন, কন্সট্রাকশন ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃবৃন্দ। রাজ্যের কৃষিমন্ত্রী সমাবেশস্থলে উপস্থিত হলে তাঁর হাতে দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়। সমাবেশ থেকে আন্দোলন আরও শক্তিশালী করতে ‘ন্যূনতম মজুরি রূপায়ণ অ্যাকশন কমিটি’ গঠিত হয়।